ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোঃ ইউসুফ, হবিগঞ্জ প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে হবিগঞ্জে রাজনৈতিক দল ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতিনিধিদের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (০৮ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সিলেট আঞ্চলিক নির্বাচন অফিসের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আবু হাসনাত মোহাম্মদ আরেফিন বলেন, “একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বদ্ধপরিকর। তবে সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দল, প্রার্থী এবং সাধারণ জনগণের সম্মিলিত সহযোগিতা অপরিহার্য। আমরা প্রতিটি কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করতে এবং ভোটারদের নির্বিঘ্নে ভোটদানের পরিবেশ বজায় রাখতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি।”
বিশেষ অতিথির বক্তব্যে হবিগঞ্জের পুলিশ সুপার জানান, নির্বাচনের দিন এবং এর আগে-পরে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোয়েন্দা নজরদারির পাশাপাশি টহল জোরদার করা হয়েছে।
সভায় আঞ্চলিক ও জেলা নির্বাচন অফিসের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতিনিধিরা তাদের মতামত তুলে ধরেন। বক্তারা একটি বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেওয়ার জন্য আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন। সভায় জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত থেকে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ