বিয়ানীবাজারে সেনাবাহিনী মোতায়েন চান বিএনপি প্রার্থী

বিয়ানীবাজারে সেনাবাহিনী মোতায়েন চান বিএনপি প্রার্থী

নিজস্ব প্রতিবেদক, সিলেট: সিলেট-৬ আসনের অধীন বিয়ানীবাজার উপজেলায় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ রক্ষা এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। গত ৪ ও ৫ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন (ইসি) এবং নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি বরাবর এই আবেদন দাখিল করেন তিনি।

অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী তাঁর আবেদনে উল্লেখ করেন, বিয়ানীবাজার একটি প্রবাসী অধ্যুষিত ও জনবহুল এলাকা। বর্তমানে বিয়ানীবাজারের বিভিন্ন এলাকায় বহিরাগত সন্ত্রাসী প্রকৃতির অনুপ্রবেশকারীরা অবস্থানের খবর পাওয়া যাচ্ছে। তারা নির্বাচনের প্রচারণার আড়ালে সাধারণ ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা চালাচ্ছে। এই প্রেক্ষাপটে উপজেলাটি বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বলে তিনি দাবি করেন।

আবেদনে আরও বলা হয়, অন্যান্য জাতীয় সংসদীয় আসনে সেনাবাহিনী মোতায়েনের প্রক্রিয়া চললেও বিয়ানীবাজারে তা করা হবে না বলে শঙ্কা তৈরি হয়েছে। তাই বিয়ানীবাজারে উৎসবমুখর ও নিরাপদ নির্বাচনের পরিবেশ বজায় রাখতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সেনাবাহিনী মোতায়েন করা একান্ত আবশ্যক। আবেদনের অনুলিপি সিলেট বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছেও পাঠানো হয়েছে।

এ বিষয়ে বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার উম্মে হাবিবা মজুমদার জানান, এখন পর্যন্ত বিয়ানীবাজারে স্থায়ীভাবে সেনাবাহিনীর কোনো ক্যাম্প স্থাপনের নির্দেশনা আসেনি। তবে বিশেষ প্রয়োজনে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী ‘অন কল ডিউটিতে’ (জরুরি তলব অনুযায়ী) থাকবে বলে তিনি নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন