ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোস্তাফিজুর রহমান, কয়রা (খুলনা): সুন্দরবনকে দস্যুমুক্ত করা এবং উপকূলীয় অঞ্চলের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন খুলনা-৬ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ। রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে কয়রা মদিনাবাদ হাইস্কুল মাঠে উপজেলা জামায়াত আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।
মাওলানা আবুল কালাম আজাদ বলেন, "স্বাধীনতার ৫৪ বছরে বারবার ক্ষমতার বদল হলেও সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। আমি নির্বাচিত হলে কয়রাবাসীর প্রধান দুর্ভোগ টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে। উপকূলীয় এই অঞ্চলে সুপেয় পানির সংকট দূর করতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ এবং মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে।" তিনি আরও যোগ করেন, শুধুমাত্র অবকাঠামো নয়, জনগণের নৈতিক উন্নয়নই একটি জাতির মূল ভিত্তি।
দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, "আমরা ক্ষমতায় গেলে দুর্নীতি করব না এবং কাউকে করতেও দিব না।" জামায়াতের কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমানের উদ্ধৃতি দিয়ে তিনি প্রতিশ্রুতি দেন যে, জামায়াত সরকার গঠন করলে উচ্চশিক্ষিত তরুণদের এক হাতে সার্টিফিকেট ও অন্য হাতে চাকরির ব্যবস্থা করা হবে।
কয়রা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহর সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ শাহ মোহাম্মদ রুহুল কুদ্দুস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাউদ্দিন আম্মার, খুলনা জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান এবং জেলা দক্ষিণ ছাত্রশিবিরের সভাপতি আবুজার আল গিফারীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ