প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন আজ

প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ণ
প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন আজ
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান আজ শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) ৬২ বছরে পদার্পণ করলেন। স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান ১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন।

কঠোর শৃঙ্খলাবোধসম্পন্ন পিতার সন্তান তারেক রহমানের শৈশব কেটেছে অত্যন্ত সাধারণ ও সাদামাটা পরিবেশে। তাঁর পরিবারের মূলমন্ত্র ছিল অনাড়ম্বর জীবনযাপন। স্কুলে যাওয়ার বয়স হলে তাঁর মা-বাবা তাঁকে ঢাকা সেনানিবাসের বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজে ভর্তি করেন। সেখান থেকে তিনি অত্যন্ত কৃতিত্বের সঙ্গে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। পরবর্তীতে দেশের অন্যতম শীর্ষস্থানীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাঁর উচ্চশিক্ষার যাত্রা শুরু হয়।

১৯৮৮ সালে তারেক রহমান আনুষ্ঠানিকভাবে সক্রিয় রাজনীতিতে প্রবেশ করেন। পিতার জন্মস্থান উত্তরাঞ্চলের বগুড়া জেলার গাবতলী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রাথমিক সদস্যপদ গ্রহণের মাধ্যমে তাঁর তৃণমূলভিত্তিক রাজনৈতিক পথচলা শুরু হয়।

রাজনৈতিক জীবনে তারেক রহমান এক-এগারোর সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের নির্মম নির্যাতনের শিকার হন। সে সময় তাঁকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার লক্ষ্যে ধারাবাহিকভাবে নিষ্ঠুর, বিদ্বেষমূলক ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড চালানো হয় এবং কোনো প্রমাণ ছাড়াই তাঁর বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়। তবে কোনো প্রতিকূলতাই তাঁর মনোবল ভেঙে দিতে এবং রাজনীতি থেকে তাঁকে বিচ্যুত করতে পারেনি।

দীর্ঘ প্রায় ১৬ বছরের শাসনামলে দেশ যখন চরম দুঃশাসন ও সংকটের মধ্য দিয়ে যাচ্ছিল, তখন প্রবাসে থেকেও তারেক রহমান রাষ্ট্রের সামগ্রিক কাঠামোগত সংস্কারের ধারণা সামনে আনেন।

দীর্ঘ নির্বাসিত জীবন শেষে গত বছরের ২৫ ডিসেম্বর মাতৃভূমিতে তাঁর প্রত্যাবর্তন ঘটে। জাতীয় নির্বাচনের দেড় মাস আগে তাঁর এই স্বদেশ প্রত্যাবর্তন দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। পরবর্তীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে উভয় আসনেই বিপুল ভোটে বিজয়ী হন।

চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। গৌরবোজ্জ্বল রাজনৈতিক ঐতিহ্যের অধিকারী তাঁর পরিবারের পিতা ও মাতা উভয়েই জনগণের ম্যান্ডেট নিয়ে যথাক্রমে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী হিসেবে দেশ পরিচালনা করেছেন।