‘কাফনের কাপড় রেডি রাখিস-না হলে রাস্তায় পড়ে থাকবি’: জোরারগঞ্জ থানার ওসিকে প্রাণনাশের হুমকি
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিমকে হোয়াটসঅ্যাপে প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। হুমকিদাতা বার্তায় তাঁর পরিবারের সদস্যদের ক্ষতি করা, বংশ শেষ করে দেওয়া এবং ‘কাফনের কাপড় প্রস্তুত রাখার’ মতো একাধিক ভীতিকর কথা উল্লেখ করেছে।
থানা সূত্রে জানা গেছে, গত বুধবার (১৮ নভেম্বর ২০২৬) রাত ৮টা ৫৩ মিনিট থেকে বিভিন্ন সময়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সরকারি মোবাইল নম্বরের হোয়াটসঅ্যাপে দক্ষিণ আফ্রিকার কান্ট্রি কোডযুক্ত অজ্ঞাতনামা এক ব্যবহারকারীর কাছ থেকে এসব বার্তা আসতে শুরু করে।
অজ্ঞাত ওই ব্যক্তির পাঠানো বার্তাগুলোতে ইংরেজি ও বাংলা মিশিয়ে লেখা ছিল— "How are you, We are worry about your family, If u keep on doing what you did we will take action very soon, পরিবার শেষ করে দেব, বংশ শেষ করে দেব, আজকের পর থেকে কোনো ছাত্রলীগের নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হলে খবর আছে।"
এ ছাড়া পরবর্তী বার্তায় আরও হুমকি দিয়ে লেখা হয়, "তুই যদি তোর চিন্তা করিস, জোরারগঞ্জ থানার কথা চিন্তা করিস, তোর জীবনের কথা চিন্তা করিস তাহলে অন্যায়ভাবে গ্রেপ্তার করা থেকে বিরত থাকিস। না হলে রক্ষা নেই। এটাই শেষ কথা। কাফনের কাপড় রেডি রাখিস না হলে রাস্তায় পড়ে থাকবি।"
এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম জানান, অজ্ঞাত নম্বর থেকে এমন হুমকিমূলক বার্তা পাওয়ার পর নিজের এবং পরিবারের সদস্যদের ভবিষ্যৎ নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে তিনি জোরারগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) নথিভুক্ত করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।