রামুতে ট্রেনের ধাক্কায় শিশুসহ নিহত ৪
বিশেষ প্রতিনিধি: কক্সবাজারের রামুতে চলন্ত ট্রেনের সঙ্গে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে শিশুসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের কাটিরমাথা সংলগ্ন রেলক্রসিংয়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।
দুর্ঘটনার পরপরই স্থানীয়দের মধ্যে শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। তবে হতাহত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খুদেস্তা বেগম রীনা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দুজন মারা গেছেন বলে তিনি শুনেছেন, তবে বিষয়টি এখনো পুরোপুরি নিশ্চিত হতে পারেননি। এ ছাড়া আরও কয়েকজন আহত হয়েছেন কি না বা তাঁদের পরিচয় কী, সে বিষয়েও নিশ্চিত তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।
এআইএল/সকালবেলা