ব্যারন ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা ইরানের রাষ্ট্রীয় টিভির
অনলাইন ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ বছর বয়সী কনিষ্ঠ পুত্র ব্যারন ট্রাম্পকে হত্যার সরাসরি হুমকি দিয়ে ১ কোটি মার্কিন ডলার (প্রায় ৮.৫ মিলিয়ন ইউরো) পুরস্কারের ঘোষণা সম্বলিত একটি বিতর্কিত ভিডিও প্রচার করেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল ৩।
ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) ঘনিষ্ঠ বলে পরিচিত সংবাদমাধ্যমের তৈরি এই ভিডিওটির শিরোনাম দেওয়া হয়েছে ‘কোথায় এবং কীভাবে আমরা ব্যারন ট্রাম্পকে হত্যা করব?’। প্রচারিত ফুটেজে ব্যারন ট্রাম্পের বিশ্ববিদ্যালয়ের অবস্থান, সিক্রেট সার্ভিস পাহারাদারদের গতিবিধি এবং তাঁর নিরাপত্তা কনভয়ের বিশদ বিবরণ তুলে ধরে দাবি করা হয় যে, তেহরান ট্রাম্পপুত্রের সব কর্মকাণ্ডের ওপর নজর রাখছে।
ভিডিওটিতে আরও দাবি করা হয়, এক অজ্ঞাত তরুণী ব্যারন ট্রাম্পের উচ্চ পর্যায়ের নিরাপত্তা বলয় ভেদ করে তথ্য সংগ্রহ করেছেন এবং ব্যারন গেমিং প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যক্তিগত যোগাযোগ রক্ষা করেন। তবে এসব দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এর আগেও ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্প ও মেয়ে ইভাঙ্কা ট্রাম্পকে লক্ষ্য করে একাধিক ষড়যন্ত্রের খবর এবং খোদ ট্রাম্পকে হত্যার কফিনের ছবি তেহরানে প্রদর্শিত হয়েছিল। ২০২০ সালে কাসেম সোলাইমানি হত্যাকাণ্ড এবং সাম্প্রতিক সংঘাতের পর ইরানি বিশ্লেষকরা ইসলামিক কিসাস (প্রতিশোধমূলক বিচার) নীতির দোহাই দিয়ে ট্রাম্প পরিবারকে লক্ষ্যবস্তু করাকে বৈধতা দেওয়ার চেষ্টা করছেন।
আন্তর্জাতিক কূটনৈতিক উত্তেজনা, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও মধ্যপ্রাচ্য সংঘাত সম্পর্কিত সাম্প্রতিক তথ্যের জন্য পড়তে পারেন
ইরানের এই হুমকির কড়া প্রতিক্রিয়া দেখা দিয়েছে ওয়াশিংটনে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে হুঁশিয়ারি দিয়েছেন যে, তাঁর বা তাঁর পরিবারের ওপর হামলা হলে সমগ্র ইরানের অস্তিত্ব মুছে দেওয়া হবে। মার্কিন সিক্রেট সার্ভিস জানিয়েছে, প্রচারিত ভিডিও ফুটেজ ও নিরাপত্তা লঙ্ঘনের দাবিগুলো তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে।
|