স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সাক্ষাৎ
অনলাইন ডেস্ক: বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও গভীর ও বিস্তৃত করার লক্ষ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
সোমবার (২৪ আগস্ট) সকালে স্থানীয় সরকার মন্ত্রীর কার্যালয়ে এই দ্বিপক্ষীয় বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের টেকসই উন্নয়ন, স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালীকরণ ও প্রযুক্তিগত অভিজ্ঞতা বিনিময়ের বিভিন্ন সম্ভাবনা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে স্থানীয় সরকার মন্ত্রী পানি ব্যবস্থাপনার আধুনিকায়ন, কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা, নবায়নযোগ্য জ্বালানি এবং কৃষি কোল্ড স্টোরেজ খাতে যুক্তরাষ্ট্রের উন্নত প্রযুক্তি ও অভিজ্ঞতা কাজে লাগানোর ব্যাপারে বিশেষ আগ্রহ প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, জনগণের সরকার হিসেবে বর্তমান প্রশাসন স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী ও গতিশীল করতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে।
শুরুতেই নতুন দায়িত্বে ভূষিত হওয়ায় মন্ত্রীকে অভিনন্দন জানান মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। তিনি বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাজ সরাসরি বাংলাদেশের সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নের সঙ্গে যুক্ত। ফলে এই খাতের উন্নয়নে যুক্তরাষ্ট্রের কারিগরি ও অর্থনৈতিক সহায়তার ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
পররাষ্ট্র নীতি ও আন্তর্জাতিক সম্পর্কের সর্বশেষ খবর এবং তথ্য পেতে পড়তে পারেন
বৈঠকে প্রতিমন্ত্রী মীর শাহে আলম উল্লেখ করেন, পরিবেশ সুরক্ষা ও নগর ব্যবস্থাপনায় বর্জ্য শোধন কার্যক্রমের বিষয়টি প্রধানমন্ত্রী নিজেও বিশেষ গুরুত্ব দিচ্ছেন। বৈঠকে উপস্থিত সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, এই সৌজন্য সাক্ষাতের মাধ্যমে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও স্থানীয় সরকার খাতের উন্নয়ন ত্বরান্বিত হবে।
|