দীর্ঘ নৌযাত্রার পর দেশে ফিরছে মার্কিন রণতরি 'ইউএসএস আব্রাহাম লিংকন'
আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ ও ক্লান্তিকর সমুদ্রযাত্রার অবসান ঘটিয়ে অবশেষে স্বদেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন মার্কিন রণতরি ‘ইউএসএস আব্রাহাম লিংকন’-এর সেনাদল ও নাবিকরা।
মধ্যপ্রাচ্যে তাঁদের স্থলাভিষিক্ত হতে মার্কিন নৌবাহিনীর অপর বিমানবাহী রণতরি ‘ইউএসএস জর্জ ওয়াশিংটন’ ইতোমধ্যে অঞ্চলটিতে এসে পৌঁছেছে। তবে সম্পূর্ণভাবে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শেষ না হওয়ায় 'ইউএসএস আব্রাহাম লিংকন' এখনো মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) নিয়ন্ত্রণাধীনেই অবস্থান করছে।
সাধারণত মার্কিন নৌবাহিনীর একটি রণতরি এক টানা সর্বোচ্চ সাত মাস সমুদ্রে মোতায়েন রাখার নিয়ম রয়েছে। তবে মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সামরিক ও রাজনৈতিক উত্তেজনার দরুন আব্রাহাম লিংকনকে প্রায় নয় মাস টানা সাগরে অবস্থান করতে হয়। এ সময় কোনো বন্ধুভাবাপন্ন রাষ্ট্রের বন্দরেও বিরতি নেওয়ার সুযোগ পাননি জাহাজে থাকা নাবিকরা।
দীর্ঘদিন ভাসমান থাকা এবং জাহাজের ভেতরের দুর্বল স্যানিটেশন ব্যবস্থার কারণে নাবিকদের মধ্যে চরম মানসিক অসন্তোষ সৃষ্টি হয়েছিল। শৌচাগার নষ্ট থাকা ও বিশুদ্ধ গরম পানির সংকটের জেরে মনোবল তলানিতে গিয়ে ঠেকে অনেকের। তীব্র মানসিক অবসাদে ভুগে সমুদ্রেই ঝাঁপ দিয়েছিলেন দুই নাবিক, যদিও তাঁদের জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
এ ঘটনায় ডেমোক্র্যাট আইনপ্রণেতারা এবং মার্কিন সিনেটর রিচার্ড ব্লুমেনথাল গভীর উদ্বেগ প্রকাশ করলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন। পেন্টাগন ও নৌবাহিনীর দাবি, জাহাজের অভ্যন্তরের সার্বিক পরিবেশ এবং আত্মহত্যা চেষ্টার খবর নিয়ে অতিরঞ্জিত তথ্য ছড়ানো হয়েছে। সকল বিতর্ক পেছনে ফেলে অবশেষে দেশে ফেরার স্বস্তিতে দিন গুনছেন রণতরির নাবিকরা।
|