'সো সুইট' থেকে 'জাস্ট ওয়াও': অন্তর্জালে জায়েদ খানের নতুন ধামাকা
বিনোদন প্রতিবেদক: টিজারের ধারাবাহিকতায় অন্তর্জালে মুক্তি পেল চিত্রনায়ক জায়েদ খানের বহুল প্রতীক্ষিত মিউজিক ভিডিও ‘শিকারি’। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বিভিন্ন দৃষ্টিনন্দন লোকেশনে চিত্রায়িত এই গানটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও সমালোচনার জোয়ার বইছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় ভিডিওটি উন্মুক্ত করা হয়। এতে স্পোর্টস বাইকে চেপে ভিন্ন এক লুকে পর্দায় আবির্ভূত হন জায়েদ খান। গানটিতে তাঁর সঙ্গে দেখা গেছে দেশি-বিদেশি ছয়জন নারী মডেলকে। কখনো সমুদ্রসৈকতের বিলাস বহুল জাহাজে, আবার কখনো সমুদ্রতীরবর্তী রাজপথে নানা বৈচিত্র্যময় দৃশ্যায়নে নজর কেড়েন এই অভিনেতা।
সামাজিক যোগাযোগমাধ্যমে গানটি পোস্ট করতেই লাইক ও মন্তব্যের বন্যা বয়ে যায়। ট্রোল ও কৌতুকপূর্ণ মন্তব্যের পাশাপাশি ঢালিউড তারকা ও ভক্তদের ইতিবাচক মন্তব্যও চোখে পড়ে। অভিনেত্রী নুসরাত ফারিয়া কমেন্ট বক্সে ‘অভিনন্দন’ জানান। অন্যদিকে চিত্রনায়ক কায়েস আরজু ও চিত্রনায়িকা আঁচল ভিডিওটির অভিনব লুক ও কনসেপ্টের ভূয়সী প্রশংসা করেন। সাধারণ নারী দর্শকদের অনেকেই 'সো সুইট' মন্তব্যে নিজেদের মুগ্ধতা প্রকাশ করেছেন।
এক ভিডিও বার্তায় জায়েদ খান তাঁর উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, "গানটি প্রকাশের পর থেকেই অভাবনীয় সাড়া পাচ্ছি। বাংলা গানকে বিশ্বজুড়ে অবস্থানরত বাঙালি শ্রোতাদের কাছে পৌঁছে দিতে নিউ ইয়র্কের সুন্দর পরিবেশ ব্যবহার করা হয়েছে। আন্তর্জাতিক মানের সরঞ্জাম ও কারিগরি টিম নিয়ে কাজ করা এই প্রজেক্টটিতে চলচ্চিত্রের মতো আবহ তুলে ধরার চেষ্টা ছিল।"
বাংলাদেশের জনপ্রিয় নির্মাতা বদরুদ্দৌজা সাগরের পরিচালনায় তৈরি ভিডিওটিতে প্রধান নারী মডেল হিসেবে দেখা গেছে ইয়াসমিনকে। পাশাপাশি মার্কিন মডেল নিনা, মারিয়ানা, জুলিয়া, কারলা, কামিলা ও মিলানা এতে অংশগ্রহণ করেন। সজীব ও রিমির কণ্ঠে ধারণকৃত বড় বাজেটের এই মিউজিক ভিডিওটিতে স্টেডিক্যাম অপারেটর হিসেবে কাজ করেছেন বিদেশি দক্ষ টেকনিশিয়ান এনরিক ক্যামাচো।
|