ফিলিস্তিনে ২০০ শয্যার হাসপাতাল নির্মাণ করবে ভারত
নিজস্ব প্রতিবেদক: ফিলিস্তিনের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে একটি বড় আকারের কূটনৈতিক ও মানবিক পদক্ষেপ নিয়েছে ভারত। দেশটির ভূখণ্ডে ২০০ শয্যাবিশিষ্ট একটি 'ইন্ডিয়ান সুপার-স্পেশালিটি হাসপাতাল' গড়ে তোলার লক্ষ্যে ভারত ও ফিলিস্তিনের মধ্যে একটি দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
সম্প্রতি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব শ্রীপ্রিয়া রঙ্গনাথন ফিলিস্তিন সফরকালে এই ঐতিহাসিক চুক্তিটি আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়। এই সফরকালে কেবল চিকিৎসা খাতই নয়, ফিলিস্তিনের মুদ্রণ ও প্রকাশনা খাতের আধুনিকায়নে কারিগরি সহায়তা প্রদানের বিষয়েও দুই পক্ষ ঐকমত্যে পৌঁছায়।
ফিলিস্তিনের স্বাস্থ্য ও শিক্ষা খাতের উন্নয়নে ভারতের এই সহযোগিতাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন ভারতে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত আবদুল্লাহ আবু শাওয়েশ। একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, "ভারতের এই অব্যাহত সাহায্য ও সমর্থন দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের গভীর ও ঐতিহাসিক বন্ধুত্বেরই বলিষ্ঠ রূপ।"
একই সঙ্গে, ভারতের এই কূটনৈতিক সহায়তার প্রতি কৃতজ্ঞতা স্বরূপ ২০২৮-২৯ মেয়াদের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি) অস্থায়ী সদস্যপদে দিল্লির প্রার্থিতায় নিজেদের পূর্ণ সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছে ফিলিস্তিন।
|