সহিংসতা বন্ধ করে আলোচনায় বসতে রাজি যুক্তরাষ্ট্র ও ইরান

প্রকাশ: সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ণ
সহিংসতা বন্ধ করে আলোচনায় বসতে রাজি যুক্তরাষ্ট্র ও ইরান

আন্তর্জাতিক ডেস্ক: দু’দিন ধরে পরস্পরকে লক্ষ্য করে দফায় দফায় হামলা চালানোর পর অবশেষে সহিংসতা বন্ধ করে আলোচনায় বসতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। যুক্তরাষ্ট্রের এক উচ্চপদস্থ কর্মকর্তার বরাত দিয়ে অ্যাক্সিওস এই তথ্য নিশ্চিত করেছে।

আগামী মঙ্গলবার (৩০ জুন) কাতারের রাজধানী দোহায় উভয় দেশের সরকারি প্রতিনিধিদের মধ্যে এই আলোচনা শুরু হবে। মার্কিন ওই কর্মকর্তা জানান, আলোচনায় মূলত ‘ইসলামাবাদ সমঝোতা চুক্তিতে’ উল্লিখিত পয়েন্টগুলো নিয়ে আলোকপাত করা হবে। বর্তমানে উভয় পক্ষই শান্ত রয়েছে এবং হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজগুলোর চলাচল স্বাভাবিক রয়েছে।

গত ২৫ জুন হরমুজ প্রণালিতে সিঙ্গাপুরের পতাকাবাহী একটি জাহাজে ইরানি নৌবাহিনীর হামলার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এর কয়েক ঘণ্টার মধ্যে ইরানের ড্রোন-ক্ষেপণাস্ত্র ডিপো ও রাডার সিস্টেমে পাল্টা হামলা চালায় মার্কিন সেন্টকোম। এরপর গত দু’দিন ধরে সেন্টকোম এবং ইরানের আইআরজিসি পরস্পরকে লক্ষ্য করে দফায় দফায় হামলা চালায়। আইআরজিসি কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করেও হামলা চালিয়েছিল, তবে এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে সেগুলো নিষ্ক্রিয় করা হয় বলে স্থানীয় ও মার্কিন সূত্রে জানা গেছে।

আইআরজিসি মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে আক্রমণের হুমকি দেওয়ার পর সোশ্যাল মিডিয়ায় এক কঠোর বার্তায় ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমরা খুব সফলভাবে ইরানে সামরিক অভিযান শুরু করেছিলাম। এখন তা স্থগিত আছে, কিন্তু এমন মুহূর্ত যে কোনো সময় আসতে পারে যখন আমরা আর যৌক্তিক আচরণ করব না। সত্যিই যদি এমন মুহূর্ত আসে, তাহলে পৃথিবীর মানচিত্রে ‘ইসলামি প্রজাতন্ত্রী ইরান’ নামে কোনো কিছুর অস্তিত্ব থাকবে না।”

ট্রাম্পের এই কঠোর অবস্থানের পরপরই ইরান সংঘাত বন্ধ করে আলোচনার টেবিলে ফিরতে সায় দেয়।

জান্নাত সকালবেলা

মন্তব্য করুন