২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: সারা দেশে মাধ্যমিক স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের জন্য দেশব্যাপী বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জাতীয় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনীরও শুভ উদ্বোধন করেন।
আজ সোমবার (২৯ জুন) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র) শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) যৌথ আয়োজনে এই বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠানমঞ্চে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের তরুণ প্রজন্মকে বিজ্ঞান, প্রযুক্তি, গবেষণা ও পরিবেশবান্ধব উদ্ভাবনের মাধ্যমে একটি সুদূরপ্রসারী জ্ঞানভিত্তিক ও টেকসই বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী মাধ্যমিক স্কুল পর্যায়ে ছাত্রছাত্রীদের পরিবেশ সুরক্ষায় উদ্বুদ্ধ করতে এই বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন। পরবর্তীতে তিনি জাতীয় প্রদর্শনীতে অংশ নেওয়া তরুণ শিক্ষার্থীদের বিভিন্ন যুগোপযোগী বিজ্ঞান প্রকল্প, স্টার্টআপ উদ্যোগ ও সৃজনশীল উদ্ভাবনী আইডিয়াগুলো ঘুরে দেখেন। এ সময় তিনি ক্ষুদে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তার ভূয়সী প্রশংসা করেন এবং এসব নতুন উদ্যোগকে জাতীয় পর্যায়ে আরও এগিয়ে নিতে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। এ ছাড়া দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের তরুণ স্টার্টআপ উদ্যোক্তা, শিক্ষার্থী এবং সরকারি-বেসরকারি উচ্চপদস্থ প্রতিনিধিরা এই উদ্বোধনী আয়োজনে অংশ নেন।
|