ইসরাইলে ইরানি সাইবার হামলা বেড়েছে তিন গুণ
আন্তর্জাতিক ডেস্ক: ইরান ও ইসরাইলের মধ্যকার সামরিক উত্তেজনা বৃদ্ধির পর থেকে ইসরাইলের বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতের ওপর ইরানি সাইবার হামলার সংখ্যা নাটকীয়ভাবে বেড়ে গেছে। আজ সোমবার (২৯ জুন) ইসরাইলের একজন ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানানো হয়েছে।
ইসরাইলের ন্যাশনাল সাইবার ডিরেক্টরেটের ডিরেক্টর জেনারেল ইয়োসি কারাদি জার্মান সংবাদপত্র ‘ডাই ওয়েল্ট’–কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে জানান, ২০২৫ সালের জুনে ইরানের বিরুদ্ধে ইসরাইলি হামলার সময় দেশটির কর্তৃপক্ষ প্রায় ১,৬০০টি শত্রুভাবাপন্ন সাইবার আক্রমণের ঘটনা নথিভুক্ত করেছিল। তবে ২০২৬ সালের ঠিক একই মাসে এই হামলার সংখ্যা প্রায় তিন গুণ বেড়ে ৪,৮০০–তে গিয়ে ঠেকেছে।
জার্মান ভাষায় প্রকাশিত ওই সাক্ষাৎকারে কারাদি বলেন, “হামলাকারী কিছু গ্রুপ প্রযুক্তিগতভাবে অত্যন্ত দক্ষ। ইসরাইল এই পরিস্থিতি সফলভাবে মোকাবিলা করতে সক্ষম হলেও বিষয়টিকে আমাদের অত্যন্ত গুরুত্বের সাথে নিতে হচ্ছে। কারণ প্রথাগত বা বাস্তব যুদ্ধক্ষেত্রের মতো সাইবার জগতে কোনো দৃশ্যমান যুদ্ধবিরতি থাকে না। এখানে সার্বক্ষণিক যুদ্ধ চলে।”
কারাদি জানান, এই সাইবার হামলাগুলোর মূল লক্ষ্য ছিল ইসরাইলের জ্বালানি ও বিদ্যুৎসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো, কেন্দ্রীয় সংস্থা, ক্ষুদ্র ও মাঝারি আকারের ব্যবসা প্রতিষ্ঠান এবং সাধারণ জনগণ। আক্রান্ত ছোট প্রতিষ্ঠানগুলোর মধ্যে ল ফার্ম (আইনজীবী প্রতিষ্ঠান) এবং অ্যাকাউন্টিং ফার্মগুলো অন্যতম।
তিনি দাবি করেন, এখন পর্যন্ত তাঁরা গুরুত্বপূর্ণ জাতীয় অবকাঠামোগুলোর ওপর হওয়া সব বড় বড় হামলা সফলভাবে নস্যাৎ করতে পেরেছেন। তবে যেসব বেসরকারি প্রতিষ্ঠানের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা দুর্বল এবং সহজে হ্যাক করা সম্ভব, সেগুলোর কম্পিউটার সিস্টেমের ডেটা বা গোপন তথ্য হ্যাকাররা সম্পূর্ণ মুছে ফেলেছে। অবশ্য ক্ষতিগ্রস্ত নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানের নাম তিনি প্রকাশ করেননি।
সাধারণত ইরান অন্যান্য দেশের বিরুদ্ধে হ্যাকিং বা সাইবার হামলা চালানোর অভিযোগ আন্তর্জাতিক অঙ্গনে অস্বীকার করে থাকে, তবে তারা নিজেরাও প্রায়শই বড় ধরনের সাইবার হামলার শিকার হচ্ছে বলে পাল্টা দাবি করে আসছে।
|