সিদ্ধিরগঞ্জে এক পরিবারের তিনজনের রহস্যজনক মৃত্যু

প্রকাশ: শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ণ
সিদ্ধিরগঞ্জে এক পরিবারের তিনজনের রহস্যজনক মৃত্যু

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের তিন সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৩ জুন) দুপুরে উপজেলার নাভানা এলাকায় এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। পরবর্তীতে পুলিশের উপস্থিতিতে ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় দুই ঘণ্টার দীর্ঘ উদ্ধার অভিযান চালিয়ে লেক থেকে তাঁদের মরদেহ উদ্ধার করে।

নিহতরা হলেন— নড়াইলের কালিয়া থানাধীন রঘুনাথপুর গ্রামের আকরামের মেয়ে সুরাইয়া (১৩), তাঁর ভাই গালিব (১৯) এবং গোপালগঞ্জের কাশিয়ানী থানাধীন মনাগ গ্রামের দেলোয়ারের ছেলে রাশিদুল (২১)। নিহতরা সবাই সম্পর্কে একে অপরের আত্মীয় এবং তাঁরা সিদ্ধিরগঞ্জের নাভানা এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে তীব্র গরমের কারণে ওই তিন ভাই-বোন বাড়ির পাশে ডিএনডি লেকে একসঙ্গে গোসল করতে নামেন। গোসলের একপর্যায়ে হঠাৎ করেই তাঁরা লেকের গভীর পানিতে তলিয়ে যান। আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের একটি চৌকস ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যৌথ উদ্ধার অভিযান শুরু করে। প্রায় দুই ঘণ্টা লেকের তলদেশে তল্লাশি চালানোর পর তিনজনেরই নিথর দেহ উদ্ধার করতে সক্ষম হন ডুবুরিরা। একই পরিবারের তিন তরুণের এমন অকাল ও আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের ক্রন্দনে ভারী হয়ে উঠেছে চারপাশ।

সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে সকালবেলা-কে জানান, “প্রাথমিকভাবে নিহতদের পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা গেছে যে, সুরাইয়া, গালিব এবং রাশিদুল— তিনজনই ভালো সাঁতার জানতেন। সাঁতার জানা সত্ত্বেও লেকের পানিতে কীভাবে এই দুর্ঘটনা ঘটল এবং তাঁদের মৃত্যু হলো, বিষয়টি বেশ রহস্যজনক। আমরা পুরো ঘটনাটি খতিয়ে দেখছি।”

তিনি আরও জানান, ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান শেষে মরদেহগুলো বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহগুলো দ্রুত পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন