আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন উইলিয়ামসন
স্পোর্টস ডেস্ক: হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন নিউজিল্যান্ডের সাবেক সফল অধিনায়ক কেন উইলিয়ামসন। ইংল্যান্ড সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজ চলাকালীন ১৬ বছরের বর্ণিল আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্ত নেন তিনি। লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টটিই হয়ে রইল তার ক্যারিয়ারের শেষ ম্যাচ, যেখানে দুই ইনিংসে যথাক্রমে শূন্য ও ১৮ রান করেন এই কিউই ব্যাটার।
নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) দেওয়া এক বিবৃতিতে উইলিয়ামসন বলেন, ‘বেশ কিছুদিন ধরেই অবসর নিয়ে ভাবছিলাম। তবে গত কয়েকদিনে স্পষ্ট হয়ে গেছে যে এটাই সঠিক সময়। আন্তর্জাতিক ক্রিকেটের প্রতি তীব্র তাড়না ও ক্ষুধা আমার সবসময়ই ছিল। নিউজিল্যান্ডের হয়ে খেলা প্রতিটি ম্যাচে নিজের সর্বোচ্চটা দিয়েছি ভেবে গর্ববোধ করি। এর চেয়ে কম ক্ষুধা নিয়ে খেলা চালিয়ে যাওয়া ঠিক হতো না। নিজের মতো করে বিদায় নিতে পেরেছি বলে নিজেকে ভাগ্যবান মনে করছি।’
২০১০ সালের আগস্টে ভারতের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় উইলিয়ামসনের। এরপর একই বছর টেস্ট ও পরের বছর টি-টোয়েন্টি ক্যাপ পান তিনি। নিউজিল্যান্ডের হয়ে তিন সংস্করণ মিলিয়ে ৩৭৮টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এই ডানহাতি ব্যাটার। এর মধ্যে টেস্টে ৩৩টি সেঞ্চুরিসহ ৯ হাজার ৫১৫ রান, ওয়ানডেতে ১৫টি সেঞ্চুরিসহ ৭ হাজার ২৫৮ রান এবং টি-টোয়েন্টিতে ২ হাজার ৫৭৫ রান করেছেন তিনি।
নেতৃত্বের ক্ষেত্রেও উইলিয়ামসন ছিলেন অনন্য। তার অধিনায়কত্বে ৪০ টেস্টের ২২টিতে, ৯১ ওয়ানডের মধ্যে ৪৬টিতে এবং ৭৫ টি-টোয়েন্টির মধ্যে ৩৯টিতে জয় পায় নিউজিল্যান্ড। তার অধীনেই দুইবার আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল খেলে কিউইরা। এছাড়া ২০২১ সালে ভারতকে হারিয়ে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের শিরোপা জয় করে নিউজিল্যান্ড। ব্যক্তিগত অর্জনের ঝুলিতে ২০১৫ সালে আইসিসির বর্ষসেরা, ২০১৯ সালে বর্ষসেরা টেস্ট ক্রিকেটার এবং নিউজিল্যান্ডের বর্ষসেরা ক্রিকেটারের খেতাব ‘স্যার রিচার্ড হ্যাডলি মেডেল’ চারবার জিতেছেন এই কিংবদন্তি।
|