বাজেটকে যারা দলীয়করণ বলছে তারা নিকৃষ্ট প্রকৃতির: স্বরাষ্ট্রমন্ত্রী
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি: বর্তমান সরকারের ঘোষিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে ‘গণমানুষের বাজেট’ আখ্যা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, “দেশের ইতিহাসের এই সর্ববৃহৎ বাজেটটি সাধারণ মানুষের কল্যাণের কথা চিন্তা করে প্রণয়ন করা হয়েছে। সরকার ব্যাংকমুখী না হয়ে যে বাস্তবসম্মত বাজেট দিয়েছে, তাকে যারা ‘দলীয়করণ’ বলছে, তারা আসলে অত্যন্ত নিকৃষ্ট প্রকৃতির লোক।”
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামীকাল শনিবারের কক্সবাজার আগমন উপলক্ষে আজ শুক্রবার (১২ জুন) সকালে কক্সবাজার পৌঁছান স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর প্রধানমন্ত্রীর নির্ধারিত জনসভাস্থল পরিদর্শন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিন পর্যবেক্ষণ শেষে চকরিয়া পৌর বাস টার্মিনাল মাঠে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
নিজের জেলা কক্সবাজারে প্রধানমন্ত্রীর ঐতিহাসিক সফরকে কেন্দ্র করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর এই সফরকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এরই মধ্যে জেলাজুড়ে কঠোর নিরাপত্তা ও নিখুঁত প্রশাসনিক প্রস্তুতি নিশ্চিত করা হয়েছে। সফরের প্রতিটি রাজনৈতিক ও সরকারি কর্মসূচি যাতে সম্পূর্ণ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল এবং নিরাপদ পরিবেশে সম্পন্ন হতে পারে, সেই লক্ষ্যে র্যাব, পুলিশসহ সব আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থা সমন্বিতভাবে কাজ করছে।”
এদিকে বিএনপি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘ প্রতীক্ষিত এই সফরকে ঘিরে পুরো পর্যটন নগরী ও জেলাজুড়ে সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তোরণ, ব্যানার আর ফেস্টুনে সেজে উঠেছে রাজপথ।
আজ দিনভর চকরিয়াসহ কক্সবাজারের বিভিন্ন অনুষ্ঠানস্থল ও রুট পরিদর্শনের সময় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে স্থানীয় জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, দলীয় নেতৃবৃন্দ এবং আয়োজক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্ছিদ্র রাখতে প্রয়োজনীয় নানা দিক-নির্দেশনা প্রদান করেন।
এআইএল/সকালবেলা
|