আরব আমিরাতকে কঠোর হুঁশিয়ারি দিল ইরান

প্রকাশ: সোমবার, ১৮ মে ২০২৬, ১২:১৪ অপরাহ্ণ
আরব আমিরাতকে কঠোর হুঁশিয়ারি দিল ইরান

প্রতীকী ছবি

আন্তর্জাতিক ডেস্ক: চলমান আঞ্চলিক যুদ্ধের উত্তেজনার পারদ চড়তে থাকায় প্রতিবেশী সংযুক্ত আরব আমিরাতকে কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইসরাইলের সঙ্গে আবুধাবির ক্রমবর্ধমান ও গোপন সখ্য নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তেহরান স্পষ্ট জানিয়েছে, তারা দীর্ঘ সময় ধরে কূটনৈতিক সংযম দেখালেও তাদের এই ধৈর্যের একটি নির্দিষ্ট সীমা রয়েছে।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ‘ইসনা’-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন দেশটির প্রভাবশালী নীতি-নির্ধারক ও ‘এক্সপেডিয়েন্সি কাউন্সিল’-এর বর্তমান সেক্রেটারি মোহসেন রেজায়ি।

ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সাবেক এই শীর্ষ কমান্ডার বলেন, তেহরান এখনো সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে দ্বিপক্ষীয় বন্ধুত্বের দরজা পুরোপুরি বন্ধ করে দেয়নি। তবে আমিরাতের মনে রাখা উচিত, ইরানের ধৈর্যের দেয়াল ভেঙে পড়লে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন ও ভয়াবহ হতে পারে।

মোহসেন রেজায়ি সরাসরি সংযুক্ত আরব আমিরাতকে ইসরাইলের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার বিষয়ে সতর্ক করে বলেন, "আমরা খুব ভালো করেই জানি যে সংযুক্ত আরব আমিরাত ও ইসরাইলের মধ্যে পর্দার আড়ালে ও প্রকাশ্যে নানা ধরনের কৌশলগত যোগাযোগ এবং লেনদেন চলছে। তবে আমিরাতের প্রতি আমাদের স্পষ্ট পরামর্শ থাকবে—তারা যেন কোনোভাবেই ইসরাইলের কোনো ফাঁদ বা ইরান-বিরোধী ষড়যন্ত্রের অংশ না হয়ে ওঠে।"

আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে ইসরাইলি প্রভাব বৃদ্ধির ব্যাপারে তেহরান যে কোনোভাবেই আপস করবে না, এই বার্তার মাধ্যমে আমিরাতকে সেটিই চূড়ান্তভাবে স্মরণ করিয়ে দিল ইরান।

মন্তব্য করুন