নির্দেশ মানতে নেতানিয়াহুর স্ত্রীকে চাপ দিয়েছিলেন ট্রাম্প

প্রকাশ: বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ণ
নির্দেশ মানতে নেতানিয়াহুর স্ত্রীকে চাপ দিয়েছিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: লেবানন সংক্রান্ত আমেরিকার রাজনৈতিক শর্ত ও দাবিগুলো মানতে বাধ্য করার জন্য ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর স্ত্রী সারা নেতানিয়াহুর ওপর তীব্র চাপ সৃষ্টি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরাইলের একজন প্রভাবশালী ব্যবসায়ীর বরাত দিয়ে দেশটির মূলধারার গণমাধ্যম এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে।

ইসরাইলি ব্যবসায়ী রনি মানি দাবি করেছেন, ডোনাল্ড ট্রাম্প ইসরাইলের ফার্স্ট লেডি সারা নেতানিয়াহুকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছিলেন। ট্রাম্প স্পষ্ট জানান, লেবানন ইস্যুতে আমেরিকার প্রস্তাব ও দাবিগুলো মেনে নেওয়া না হলে খোদ প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে কারাগারে যেতে হতে পারে। শুধু তাই নয়, আমেরিকায় অবস্থানরত তাঁদের ছেলে ইয়ার নেতানিয়াহুকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার (ডিপোর্ট) করা হবে এবং এই পরিবারের মার্কিন যুক্তরাষ্ট্রে থাকা সমস্ত সম্পত্তি ও ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ (বাজেয়াপ্ত) করা হবে।

ব্যবসায়ী রনি মানি তাঁর দাবির সপক্ষে আরও বলেন, ট্রাম্প নেতানিয়াহু পরিবারকে এই নিশ্চয়তাও দিয়েছিলেন যে, ইসরাইলের আগামী নির্বাচনে যদি নেতানিয়াহু পরাজিত হন, তবে তাঁর পুরো পরিবারকে আমেরিকায় রাজনৈতিক আশ্রয় দেওয়া হবে।

রনি মানির দেওয়া তথ্য অনুযায়ী, ট্রাম্পের এমন কঠোর অবস্থানের পর সারা নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্টকে আশ্বস্ত করে বলেন, তিনি ট্রাম্পের সিদ্ধান্তের সাথেই আছেন। পরবর্তীতে সারা তাঁর স্বামী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর তীব্র চিৎকার ও ক্ষোভ প্রকাশ করেন। স্ত্রীর এমন মারমুখী আচরণ ও চাপের মুখে পড়ে শেষ পর্যন্ত বেনিয়ামিন নেতানিয়াহু স্বয়ং ট্রাম্পের সাথে যোগাযোগ করেন এবং লেবানন ইস্যুতে আমেরিকার অবস্থানের সাথে সম্পূর্ণ একমত পোষণ করেন।

তবে এই বিস্ফোরক ও চাঞ্চল্যকর দাবির সত্যতা এখনো কোনো স্বাধীন সূত্র থেকে যাচাই করা সম্ভব হয়নি। একই সাথে মার্কিন বা ইসরাইলি প্রশাসনের পক্ষ থেকেও এই বিষয়ে প্রাতিষ্ঠানিক বা দাপ্তরিক কোনো মন্তব্য বা স্বীকৃতি পাওয়া যায়নি।

সূত্র: জিও নিউজ। 

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন