শাপলা শহীদ পরিবারের জন্য ভাতা দাবি ছাত্র জমিয়তের

আমিরুল ইসলাম
প্রকাশ: মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৮:০৯ অপরাহ্ণ
শাপলা শহীদ পরিবারের জন্য ভাতা দাবি ছাত্র জমিয়তের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে শাহাদাতবরণকারীদের পরিবারের জন্য রাষ্ট্রীয়ভাবে স্থায়ী আবাসন ও সম্মানজনক ভাতা নিশ্চিত করার দাবি জানিয়েছে ছাত্র জমিয়ত বাংলাদেশ। 

মঙ্গলবার (৫ মে) রাজধানীর পল্টনে আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে সংগঠনটির পক্ষ থেকে এই দাবি তোলা হয়।

অনুষ্ঠানে ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাযহারী বলেন, শাপলা চত্বরে তৌহিদী জনতার আত্মত্যাগ ইসলামি মূল্যবোধ রক্ষার এক জ্বলন্ত ইতিহাস। শহীদ পরিবারগুলোর দায়িত্ব রাষ্ট্রকে গ্রহণ করতে হবে এবং তাঁদের জন্য স্থায়ী আবাসন ও ভাতার ব্যবস্থা করা সময়ের দাবি। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সাদ বিন জাকির।

নেতৃবৃন্দ বর্তমান পরিস্থিতিতে হেফাজতে ইসলাম ঘোষিত ১৩ দফা দাবি দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, আল্লাহ ও রাসুল (সা.)-এর সম্মান রক্ষা এবং ইসলামি সংস্কৃতি সংরক্ষণে কোনো আপস করা হবে না। এছাড়া, ৫ আগস্টের পর এখনো কারাবন্দি আলেম-ওলামাদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়।

অনুষ্ঠানে জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা শোয়াইব আহমেদ, সহকারী মহাসচিব মাওলানা জয়নুল আবেদীন, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মাওলানা জাবের কাসেমী এবং ছাত্র জমিয়তের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন