মো. আব্দুল কুদ্দুস, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবুল কালাম আজাদকে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রবিবার (৩ মে) দিবাগত রাতে পাবনা সদরে তাঁর নিজ বাসভবন থেকে তাঁকে আটক করা হয়।
দুদকের অনুসন্ধানে দেখা গেছে, আবুল কালাম আজাদের নিজের নামে ১ কোটি ৩২ লাখ ৪৬ হাজার টাকার অবৈধ সম্পদ রয়েছে। এছাড়া তাঁর স্ত্রী মর্জিনা খাতুনের নামে ১ কোটি ৫৬ লাখ ৮৩ হাজার টাকা এবং ছেলে ফজলে রাব্বি রিয়নের নামে ১ কোটি ১৫ লাখ ৩৬ হাজার টাকা মূল্যের অবৈধ সম্পদের তথ্য পাওয়া গেছে।
২০২৫ সালের ১১ মার্চ অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে দুদকের সহকারী পরিচালক সাধন চন্দ্র সূত্রধর বাদী হয়ে পৃথক তিনটি মামলা দায়ের করেন। সেই মামলার ভিত্তিতেই এই গ্রেফতার অভিযান পরিচালনা করা হয়। দুদকের পাবনা কার্যালয়ের সহকারী পরিচালক সাধন চন্দ্র সূত্রধর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। আদালত পরবর্তীকালে তাঁকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন।
এ.আই.এল/সকালবেলা