মোঃ ইয়াছিন রুবেল, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে একটি দেশীয় এলজি, ১৮৭ পিস ইয়াবা ও ১ কেজি ৫০ গ্রাম গাঁজাসহ ৬ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে।
সোমবার (৪ মে) সকালে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, রোববার রাত ১২টার দিকে উপজেলার চরএলাহী ইউনিয়নের বাদামতলি বাজার সংলগ্ন এলাকায় মাদক কারবারি আলমগীরের বাড়িতে এবং আরেকটি পৃথক স্থানে এই অভিযান চালানো হয়। অভিযানে ১৬৭ পিস ইয়াবা, ১ কেজি গাঁজা ও একটি এলজিসহ চারজনকে এবং পৃথক অভিযানে আরও ২০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ দুজনকে আটক করা হয়।
আটককৃতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে: আব্দুস শহীদ স্বপন (৫০), ওসমান গনি ওরফে সেলিম (৪৫), আলমগীর হোসেন ওরফে সানা উল্লাহ (৪৫) এবং মো. আজাদ হোসেন স্বপন (৪০)। অপর দুজনের নাম-ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আটককৃত স্বপন চরবালুয়ার শাহীন বাহিনীর সক্রিয় সদস্য এবং সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন তোতা হত্যা মামলার ৮ নম্বর আসামি। তাঁর বিরুদ্ধে এলাকায় প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র প্রদর্শনের অভিযোগ রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ওসি মোহাম্মদ নুরুল হাকিম।
এ.আই.এল/সকালবেলা