মো.মোক্তার হোসেন, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) থেকেঃ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ শফিকুল ইসলাম (৩৫) নামে এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৪ মে) রাত ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দড়ি-কান্দি এলাকায় এই অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মহাসড়কের ঢাকা অভিমুখী লেনে আন্তঃজেলা ডাকাত দলের সদস্যরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে সোনারগাঁও থানা পুলিশের একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে। সোনারগাঁও থানার ওসি মুহিববুল্লার নেতৃত্বে পরিচালিত এই অভিযানে শফিকুল ইসলামকে দেশীয় তৈরি অস্ত্রসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শফিকুল ইসলাম শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার কান্দারগাঁও গ্রামের বাসিন্দা হলেও বর্তমানে সোনারগাঁও পৌর এলাকার হাত কোপা গ্রামে ভাড়ায় থাকতেন। পুলিশ তাঁর কাছ থেকে উদ্ধারকৃত অস্ত্রের জব্দ তালিকা প্রস্তুত করেছে এবং তাঁকে পুলিশি পাহারায় আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে। অপরাধ দমনে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
এ.আই.এল/সকালবেলা