শাহজালালের মাজার জিয়ারত করলেন তারেক রহমান

রকিব মুহাম্মদ
প্রকাশ: শনিবার, ০২ মে ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ণ
শাহজালালের মাজার জিয়ারত করলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: সিলেট সফরে পৌঁছে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি মাজার প্রাঙ্গণে পৌঁছান এবং জিয়ারত শেষে দেশ ও জাতির কল্যাণে মোনাজাতে অংশ নেন। পরে তিনি সেখানে সংরক্ষিত পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

মাজার জিয়ারতকালে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন দলীয় শীর্ষ নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা। সকাল থেকেই বৃষ্টি থাকলেও তা উপেক্ষা করে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে রাস্তার দুইপাশে হাজার হাজার মানুষের ঢল নামে। এর আগে সকাল ৮টা ২৫ মিনিটে গুলশানের বাসভবন থেকে রওয়ানা দিয়ে তিনি ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশ্যে যাত্রা করেন। সফরে তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিনী ডা. জোবায়দা রহমান।

আজকের কর্মসূচি: দলীয় ও সরকারি সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রীর আজ দিনব্যাপী একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে:

  • বেলা ১১টা: সুরমা নদী সংলগ্ন চাঁদনী ঘাটে সিলেট সিটি করপোরেশন গৃহীত শহরের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সুধী সমাবেশে ভাষণ।

  • দুপুর ১২টা: সিলেট সদর উপজেলার কাশিপুর ইউনিয়নে বাইশা নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধন।

  • বিকেল ৩টা: সিলেট জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে আয়োজিত ‘নতুন ক্রীড়া স্পোর্টস-২০২৬’-এর উদ্বোধন।

  • বিকেল ৫টা: জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত দলীয় কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান।

প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে পুরো সিলেটে উৎসবের আমেজ বিরাজ করছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

আরএইচ/


মন্তব্য করুন