তামিম আহমেদ, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নে এক শিউরে ওঠার মতো অমানবিক ঘটনা ঘটেছে। এলাকার চিহ্নিত মাদক সম্রাট ও চোরাকারবারি হিসেবে পরিচিত ‘রাজন’ কর্তৃক ধর্ষণের শিকার হয়ে লোকলজ্জা আর অপমানে তিন সন্তানের জননী সেলিনা আক্তার আত্মহত্যা করেছেন। আত্মহননকারী এই নারী ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে মাদক কারবারি রাজন ওই নারীকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এই ঘটনার পর থেকে ওই নারী প্রচণ্ড মানসিকভাবে ভেঙে পড়েন। নিজের সতীত্ব হারানোর কষ্ট এবং সামাজিক মর্যাদাহানির গ্লানি সইতে না পেরে আজ তিনি নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
বিস্ময়কর ও হৃদয়বিদারক বিষয় হলো, মৃত্যুর আগে ওই নারী নিজের ওপর হওয়া পাশবিক নির্যাতনের বিস্তারিত বর্ণনা দিয়ে একটি ভিডিও জবানবন্দি ধারণ করে গেছেন। সেখানে তিনি স্পষ্টভাবে অভিযুক্ত রাজনের নাম উল্লেখ করেছেন এবং নিজের মৃত্যুর জন্য তাকেই দায়ী করে গেছেন।
ঘটনার পর থেকে এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অভিযুক্ত রাজন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা ও চোরাকারবারির মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েম করে আসছে। তিনটি শিশু সন্তান আজ মা-হারা হওয়ায় এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়েছেন। তারা অবিলম্বে এই মাদক সম্রাট রাজনকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। স্থানীয়দের দাবি, একজন অন্তঃসত্ত্বা নারীকে যারা মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে, তাদের কঠোরতম শাস্তি নিশ্চিত করতে হবে।
আই.এ/সকালবেলা