নিষেধাজ্ঞা শেষে রাতে নদীতে নামবেন জেলেরা

জান্নাতুল ফেরদৌস
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ণ
নিষেধাজ্ঞা শেষে রাতে নদীতে নামবেন জেলেরা

অনলাইন ডেস্ক: চাঁদপুরে জাটকা সংরক্ষণে দুই মাসের সরকারি নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দিবাগত রাত ১২টার পর থেকেই পদ্মা-মেঘনা নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরতে নামবেন জেলার প্রায় অর্ধলক্ষাধিক জেলে। নিষেধাজ্ঞা শেষ হতে চলায় আনন্দ ও ব্যস্ততা ফিরেছে স্থানীয় জেলেপাড়াগুলোতে।

জাটকা রক্ষায় সরকারের নির্দেশনায় মার্চ ও এপ্রিল মাসজুড়ে অভয়াশ্রম এলাকায় মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। আজ মধ্যরাতে সেই সময়সীমা পার হওয়ার অপেক্ষায় এখন জেলেরা নতুন উদ্যমে নদীতে নামার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছেন। সদর উপজেলার আনন্দ বাজার, হরিণাঘাট, দোকানঘর ও পুরান বাজারসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, জেলেরা জাল বুনন ও নৌকা মেরামতের কাজ শেষ করে নদী তীরে জড়ো হচ্ছেন।

জেলেরা জানিয়েছেন, নিষেধাজ্ঞার সময়ে সংসার চালাতে হিমশিম খেতে হয়েছে তাদের। অনেকে চড়া সুদে ঋণ নিয়ে নৌকা ও জাল মেরামত করেছেন। বহরিয়া এলাকার জেলে খোরশেদ আলম বলেন, “প্রায় ৩০ হাজার টাকা ঋণ নিয়ে নৌকা ঠিক করেছি। এখন নদীতে পর্যাপ্ত ইলিশ পাওয়া গেলে ঋণ শোধ করে টিকে থাকতে পারব।”

চাঁদপুর সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক জানান, গত দুই মাসে ৭০ কিলোমিটার অভয়াশ্রম এলাকায় নিয়মিত অভিযান চালানো হয়েছে। আইন অমান্য করায় প্রায় দুই শতাধিক জেলেকে জেল-জরিমানা করা হয়েছে। তবে জাটকা সফলভাবে সংরক্ষণ করায় এ বছর ইলিশের উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, নিষেধাজ্ঞার সময়ে তালিকাভুক্ত জেলেদের সরকারিভাবে মোট ১৬০ কেজি করে ভিজিএফ চাল সহায়তা দেওয়া হয়েছে। জেলেরা আশা করছেন, দীর্ঘ প্রতীক্ষার পর নদীতে বড় আকারের ইলিশ ধরা পড়বে এবং তাদের জীবিকা আবার সচল হবে।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন