১৫ বছরে শেয়ার বাজার থেকে ১ লাখ কোটি টাকা লুট: রুমিন ফারহানা

ইসমাঈল আযহার
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৩৮ অপরাহ্ণ
১৫ বছরে শেয়ার বাজার থেকে ১ লাখ কোটি টাকা লুট: রুমিন ফারহানা

নিজেস্ব প্রতিবেদক: বাংলাদেশের শেয়ার বাজারে গত ১৫ বছরে এক লক্ষ কোটি টাকারও বেশি লুটপাট হয়েছে বলে অভিযোগ করেছেন সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি বলেন, এই বিপুল পরিমাণ অর্থ সাধারণ মানুষের সঞ্চয় ছিল, যা একটি বিশেষ গোষ্ঠী লুটে নিয়েছে। তিনি এই লুটপাটের সঙ্গে জড়িতদের দ্রুত জবাবদিহিতার আওতায় আনার দাবি জানান।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সংশোধন) বিল’ পাসের জনমত যাচাইয়ের প্রস্তাব দিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

রুমিন ফারহানা বলেন, ১৯৯৬ এবং ২০১০ সালে শেয়ার বাজারে ভয়াবহ ধস নামায় ক্ষুদ্র বিনিয়োগকারীরা সর্বস্ব হারিয়েছেন। শ্বেতপত্রের তথ্য অনুযায়ী, গত ১৫ বছরে এই খাত থেকে লক্ষ কোটি টাকার বেশি লুট হলেও প্রভাবশালী জড়িতদের কখনোই বিচারের আওতায় আনা হয়নি। বর্তমানে পুঁজিবাজারের ওপর মানুষের আস্থা নেই উল্লেখ করে তিনি বিএসইসিতে দক্ষ ও যোগ্য ব্যক্তিদের নিয়োগ দেওয়ার আহ্বান জানান।

একই আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেন, ২০১০ সালের কেলেঙ্কারির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। তিনি প্রস্তাবিত বিলে লুটপাটের শাস্তি মাত্র ৫ বছর জেল ও ৫ লক্ষ টাকা জরিমানা রাখার তীব্র আপত্তি জানান। এছাড়া তিনি বিএসইসির সদস্যদের অবসরের বয়সসীমা তুলে দেওয়ার সিদ্ধান্তের বিরোধিতা করেন।

সংসদ সদস্যদের বক্তব্যের জবাবে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “সদস্য রুমিন ফারহানা যে বক্তব্য রেখেছেন, আমি তার প্রতিটি কথার সাথে একমত। শেয়ার বাজারে অতীতে যা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক।” তিনি জানান, ১৯৯৩ সালে যখন আইনটি করা হয় তখন মানুষের গড় আয়ু ছিল ৫৭ বছর, যা এখন বেড়ে ৭২ বছর হয়েছে। অভিজ্ঞ ব্যক্তিদের কাজে লাগাতেই এই সংশোধনী প্রয়োজন।

অর্থমন্ত্রী আরও দৃঢ়ভাবে বলেন, যারা লুটপাট করেছে তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে। ইনশাল্লাহ, এবার আর লুটপাটের সুযোগ থাকবে না। আলোচনা শেষে বিলটি কণ্ঠভোটে পাশ হয়।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন