আগামী ২৫ বছর গ্রীষ্মকালে হজ হবে না

জান্নাতুল ফেরদৌস
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৪৪ অপরাহ্ণ
আগামী ২৫ বছর গ্রীষ্মকালে হজ হবে না

ধর্ম ডেস্ক: দীর্ঘদিনের তীব্র দাবদাহ আর প্রচণ্ড গরমের ধকল সয়ে হজ পালনের দিনগুলো শেষ হতে চলেছে। সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্রের (এনসিএম) সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সাল থেকে হজের ঋতুচক্রে এক বড় পরিবর্তন আসছে। এর ফলে আগামী অন্তত ২৫ বছর পবিত্র হজ আর গ্রীষ্মকালে পড়বে না।

নতুন ঋতুচক্রের ঘোষণা: এনসিএম-এর মুখপাত্র হুসাইন আল-কাহতানি জানান, আগামী বছর থেকে হজের মৌসুমে উল্লেখযোগ্য পরিবর্তন শুরু হবে। আবহাওয়া কেন্দ্রের দীর্ঘমেয়াদী পূর্বাভাস অনুযায়ী:

  • বসন্তকাল: আগামী বছর থেকে পরবর্তী টানা ৮ বছর হজ হবে বসন্তকালে।

  • শীতকাল: বসন্তের পর পরবর্তী ৮ বছর হজ অনুষ্ঠিত হবে শীতকালে।

  • শরৎকাল: শীতকাল শেষে কয়েক বছর শরতের মনোরম আবহাওয়ায় হজ পালিত হবে।

এই চক্র চলতে চলতে ২০৫০ সালের দিকে হজ পুনরায় গ্রীষ্মকালে ফিরে যাবে।

পরিবর্তনের কারণ: গ্রেগরিয়ান বা ইংরেজি ক্যালেন্ডারের চেয়ে হিজরি ক্যালেন্ডার প্রতি বছর প্রায় ১১ দিন এগিয়ে যায়। চাঁদের হিসাব অনুযায়ী এই পার্থক্যের কারণে হজের সময় প্রতি বছর পেছাতে থাকে এবং প্রায় ৩৩ বছরের একটি চক্র পূর্ণ করে হজ আবার আগের ঋতুতে ফিরে আসে। এনসিএম-এর ২০৫০ সাল পর্যন্ত প্রকাশিত ক্যালেন্ডার অনুযায়ী, আগামী আড়াই দশক হজযাত্রীদের আর তপ্ত রোদের প্রখরতার সঙ্গে লড়াই করতে হবে না।

হজযাত্রীদের জন্য স্বস্তি: সাম্প্রতিক বছরগুলোতে মক্কা ও আরাফার ময়দানে তাপমাত্রা ৪৫ থেকে ৪৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত অনুভূত হয়েছে, যা বিশেষ করে প্রবীণ হজযাত্রীদের জন্য ছিল চরম ঝুঁকিপূর্ণ। এ বছর মে মাসের ২৫ থেকে ৩০ তারিখের মধ্যে হজ পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে, যা মূলত বসন্তের আবহাওয়ায় পড়বে। আবহাওয়া অনুকূলে থাকায় মিনায় অবস্থান এবং আরাফার দীর্ঘ পথ পাড়ি দেওয়ার মতো হজের গুরুত্বপূর্ণ রোকনগুলো পালন করা এখন অনেক সহজ ও স্বস্তিদায়ক হবে।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন