সংবিধান সংস্কারের দাবিতে ১১ দলীয় জোটের নতুন কর্মসূচি ঘোষণা

ইসমাঈল আযহার
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৩৮ অপরাহ্ণ
সংবিধান সংস্কারের দাবিতে ১১ দলীয় জোটের নতুন কর্মসূচি ঘোষণা
নিজেস্ব প্রতিবেদক: সংবিধান সংস্কার পরিষদ গঠনসহ গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। আগামী ১৬ মে রাজশাহী বিভাগীয় সমাবেশের মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু হবে। এরপর পর্যায়ক্রমে দেশের অন্যান্য বিভাগীয় শহরেও সমাবেশ করবে জোটটি।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলের বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, সংবিধান সংস্কারের পক্ষে প্রায় ৭০ শতাংশ মানুষ রায় দিলেও সরকার জনগণের সেই রায়কে উপেক্ষা করছে। নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিলেও সরকার এখন সংসদীয় সংখ্যাগরিষ্ঠতার জোরে ছলচাতুরির আশ্রয় নিচ্ছে।

ঘোষিত সূচি অনুযায়ী, ১৬ মে রাজশাহীতে, ১৩ জুন চট্টগ্রামে, ২০ জুন খুলনায়, ২৭ জুন ময়মনসিংহে, ১১ জুলাই রংপুরে, ১৮ জুলাই বরিশালে এবং ২৫ জুলাই সিলেটে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। ঈদুল আজহার কারণে মে মাসে কেবল একটি সমাবেশ রাখা হয়েছে এবং ঈদের ছুটির পর জুন থেকে আন্দোলন পুনরায় জোরদার করা হবে।

হামিদুর রহমান আযাদ জানান, বিভাগীয় সমাবেশের পাশাপাশি শিক্ষক, আইনজীবী ও চিকিৎসকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় এবং বিষয়ভিত্তিক সেমিনার করা হবে। তিনি ছাত্র সমাজকেও এই আন্দোলনে সজাগ ভূমিকা পালনের আহ্বান জানান। উল্লেখ্য, ‘গণভোট অনুমোদিত জুলাই আদেশ’ অনুযায়ী জোটের দুই সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আগামী ২ মে দেশের সব জেলা শহরে গণমিছিল অনুষ্ঠিত হবে।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন