স্পোর্টস ডেস্ক: বার্সেলোনার ডাগআউটে হ্যান্সি ফ্লিকের রাজত্ব আরও দীর্ঘায়িত হচ্ছে। ক্লাবটির সঙ্গে নতুন করে আরও দুই বছরের চুক্তি নবায়ন করেছেন এই জার্মান কোচ। নতুন চুক্তি অনুযায়ী ২০২৮ সাল পর্যন্ত ন্যু ক্যাম্পে থাকছেন তিনি। তবে চুক্তিতে পারস্পরিক সম্মতিতে অতিরিক্ত আরও এক মৌসুম যোগ করার সুযোগও রাখা হয়েছে।
২০২৪ সালের গ্রীষ্মে বার্সেলোনার দায়িত্ব নেওয়ার পর থেকেই অভাবনীয় সাফল্য পাচ্ছেন ফ্লিক। সম্প্রতি চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ২-০ ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো লা লিগা শিরোপা ঘরে তুলেছে বার্সা। তার অধীনে ক্লাবটি এখন পর্যন্ত দুটি লা লিগা, একটি কোপা দেল রে এবং দুটি স্প্যানিশ সুপার কাপ জিতেছে। এই ধারাবাহিক সাফল্যের পুরস্কার হিসেবেই তাকে দীর্ঘমেয়াদী চুক্তির প্রস্তাব দেয় ক্লাব কর্তৃপক্ষ।
আলাভেসের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে নতুন চুক্তি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন ফ্লিক। তিনি বলেন, “আমি এই চুক্তিতে অত্যন্ত আনন্দিত। বার্সেলোনার মতো ক্লাবে কাজ করা গর্বের। আমি মনে করি দীর্ঘমেয়াদী পরিকল্পনার চেয়ে স্বল্পমেয়াদী লক্ষ্যগুলো ঠিকভাবে পূরণ করা বেশি জরুরি। সবকিছু ঠিক থাকলে ভবিষ্যতে আরও এগিয়ে যাওয়ার সুযোগ থাকবে।”
ঘরোয়া ফুটবলে দাপট দেখালেও ফ্লিকের বার্সেলোনা এখনও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের স্বাদ পায়নি। বায়ার্ন মিউনিখের হয়ে ২০২০ সালে ট্রেবল জয়ের অভিজ্ঞতা থাকলেও বার্সার হয়ে ইউরোপীয় শ্রেষ্ঠত্বের মুকুট পরা হয়নি তার।কোয়ার্টার-ফাইনালে আতলেতিকো মাদ্রিদের কাছে হেরে বিদায়। সেমিফাইনালে ইন্টার মিলানের কাছে ৭-৬ ব্যবধানে হার।
নতুন চুক্তির পর সমর্থকদের প্রত্যাশা, ২০২৮ সালের মধ্যেই ফ্লিক বার্সেলোনাকে তাদের বহুল প্রতিক্ষিত চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা এনে দেবেন।