দ্য হান্ড্রেডে ২১ ছক্কায় ২৪১ রানের বিশ্বরেকর্ড সানরাইজার্স লিডসের
স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডের হেডিংলি মাঠে যেন ব্যাট হাতে শুরু হয়েছিল এক প্রলয়ঙ্করি তাণ্ডব। ইনিংসের দ্বিতীয় বলেই ছক্কা ও তৃতীয় বলেই চার হাঁকিয়ে ঝড়ের সূচনা করেছিলেন মিচেল মার্শ। সেই ঝড় পরবর্তীতে বিধ্বংসী রূপ নেয় রায়ান রিকেলটন ও হ্যারি ব্রুকের ব্যাটে। একের পর এক রেকর্ড ধূলিসাৎ করে ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টের ইতিহাসে ২৪১ রানের সর্বোচ্চ দলীয় সংগ্রহের নতুন বিশ্বরেকর্ড গড়েছে সানরাইজার্স লিডস। জবাবে রানের পাহাড়ে চাপা পড়া লন্ডন স্পিরিট লড়াই করলেও শেষ পর্যন্ত ৩৭ রানে জয় নিয়ে মাঠ ছাড়ে লিডস।
টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০০ বলে মাত্র ২ উইকেট হারিয়ে ২৪১ রানের পর্বতসম স্কোর দাঁড় করায় সানরাইজার্স লিডস। টুর্নামেন্টের ইতিহাসে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ দলীয় সংগ্রহ, যা ভেঙে দিয়েছে গত আসরে ওভাল ইনভিন্সিবলসের গড়া ২২৬ রানের আগের রেকর্ডকে। কাকতালীয়ভাবে একই মালিকানাধীন আইপিএল ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদের ২০ ওভারে ২৮৭ রানের রেকর্ডটি টি-টোয়েন্টি ইতিহাসের অন্যতম সেরা।
লিডসের ইতিহাস গড়ার মূল ভিত রচনা হয় ওপেনিং জুটিতে। মিচেল মার্শ ও রায়ান রিকেলটন মাত্র ৬৫ বলে ১৪৮ রানের বিধ্বংসী পার্টনারশিপ উপহার দেন, যা দ্য হান্ড্রেডে যেকোনো উইকেটের জুটিতে সর্বোচ্চ। এর আগে আগের রেকর্ডটি ছিল ২০২৩ সালে ষষ্ঠ উইকেটে জিমি নিশাম ও টম কারানের ১২৭ রান।
দলীয় ৫০ বল শেষে লিডসের রান দাঁড়ায় ১১৯, যা টুর্নামেন্টের মাঝপথের সর্বকালের সেরা স্কোরের রেকর্ড। ওপেনার মার্শ ৭টি ছক্কা ও ৩৭ বলে ৭৬ রান করে সাজঘরে ফেরেন। চলমান টুর্নামেন্টে ১৮২.৩৮ স্ট্রাইক রেটে ২৯০ রান ও ২৩টি ছক্কা নিয়ে তিনিই এখন পর্যন্ত সেরা রানসংগ্রাহক।
মার্শ আউট হওয়ার পর শুরু হয় রিকেলটন ও ইংলিশ তারকা হ্যারি ব্রুকের তাণ্ডব। ৪২ বলে ৮টি বিশাল ছক্কায় ৯৪ রান করে অপরাজিত থাকেন রিকেলটন। অন্যদিকে, ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক হ্যারি ব্রুক মাত্র ১৫ বলে অর্ধশতক হাঁকিয়ে দ্য হান্ড্রেডের দ্রুততম ফিফটির রেকর্ড স্পর্শ করেন। ৫টি চার ও ৫টি ছক্কার সাহায্যে শেষ পর্যন্ত ১৮ বলে ৫৫ রানে অপরাজিত ছিলেন ব্রুক। শেষ দিকে ড্যান লরেন্স ৩ বলে ১০ রান যোগ করলে স্কোর গিয়ে দাঁড়ায় ২৪১-এ। পুরো ইনিংসে লিডসের ব্যাটাররা হাঁকান ২১টি ছক্কা, যা টুর্নামেন্টে এক ইনিংসে সর্বোচ্চ।
জবাব দিতে নেমে ২৪২ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে গিয়ে শুরুতেই বিপদে পড়ে লন্ডন স্পিরিট। দ্বিতীয় বলেই খাতা না খুলে বিদায় নেন ওপেনার জনি বেয়ারস্টো এবং অপর ওপেনার প্রিটোরিয়াস করেন মাত্র ৫ রান। মাঝে অধিনায়ক লিয়াম লিভিংস্টোন (১৩ বলে ৩৪) ও ডেওয়াল্ড ব্রেভিস (২১ বলে ৩৮) কিছুটা প্রতিরোধের চেষ্টা করেন। তবে ৫৬ রানে ৫ উইকেট হারানোর পর ম্যাচ থেকে ছিটকে যায় দলটি।
শেষ দিকে ডেভিড উইলির ৪৬ বলে অপরাজিত ৮৩ এবং জেমি ওভারটনের ১৫ বলে ২৭ রানের ইনিংসের সুবাদে লন্ডন স্পিরিট নির্ধারিত ১০০ বলে ৮ উইকেটে ২০৪ রান তুলতে সমর্থ হয়।
এই স্মরণীয় ম্যাচে দুই দল মিলিয়ে মোট ৪৪৫ রান সংগ্রহ করে, যা দ্য হান্ড্রেডের ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ সমন্বিত রান (আগের রেকর্ড ৪১৮ রান)। এছাড়া দুই দলের ইনিংসে সম্মিলিতভাবে মোট ৩১টি ছক্কা হাঁকানো হয়, যা টুর্নামেন্টটির এক ম্যাচে সর্বাধিক ছক্কার নতুন রেকর্ড। সব মিলিয়ে রানের বৃষ্টি ও ছক্কার ধামাকায় হেডিংলির এই ম্যাচটি দ্য হান্ড্রেডের ইতিহাসে স্বরবর্ণে লেখা থাকবে।
|