ওয়ানডে দিয়ে জাতীয় দলে ফিরতে চান সাব্বির রহমান

প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৬:০৪ অপরাহ্ণ
ওয়ানডে দিয়ে জাতীয় দলে ফিরতে চান সাব্বির রহমান

স্পোর্টস ডেস্ক : দীর্ঘদিন ধরে জাতীয় দলের প্রধান স্কোয়াডে না থাকলেও দেশের ক্রিকেটাঙ্গনে এখনও অন্যতম বড় নাম সাব্বির রহমান। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করে আবারও লাল-সবুজের জার্সিতে ফেরার জন্য নিজেকে প্রস্তুত করছেন এই হার্ডহিটার ব্যাটার। চলমান ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেডের হয়ে খেলছেন তিনি। ইতিমধ্যেই দলটির হয়ে দুটি চমৎকার অর্ধশতক হাঁকিয়েছেন তিনি, এর আগে বাংলাদেশ ক্রিকেট লিগেও (বিসিএল) ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন এই ব্যাটার। ফলে জাতীয় দলে ফেরার আশা তিনি এখনও মনেপ্রাণে টিকিয়ে রেখেছেন।

বাংলাদেশের হয়ে ১১টি টেস্ট, ৬৬টি ওয়ানডে ও ৪৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা এই অভিজ্ঞ ব্যাটার মূলত পাখির চোখ করেছেন ওয়ানডে ফরম্যাটকে। বর্তমানে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ দলের মিডল অর্ডার পজিশনটি কিছুটা ধুঁকছে। আর সেই ব্যাটিং ঘাটতি পোষাতে নির্বাচকরা যদি সাব্বিরের ওপর আস্থা রাখেন, তবে অবাক হওয়ার কিছু থাকবে না। তবে এই পজিশনে জাতীয় দলে ঢোকার ক্ষেত্রে সাব্বিরের মূল প্রতিদ্বন্দ্বী কিন্তু তারই ঢাকা প্রিমিয়ার লিগের দল আবাহনীর অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত।

আজ মঙ্গলবার (১৯ মে) মিরপুরে গণমাধ্যমের সাথে আলাপকালে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারে ফেরার ইচ্ছা নিয়ে এই হার্ডহিটার ব্যাটার বলেন, “যে-ই ঢুকুক বাংলাদেশ দলে, দিনশেষে দল যেন ভালো করে এটাই সবচেয়ে বড় বিষয়। দলে আমি সুযোগ পাই কিংবা মোসাদ্দেক। তবে আমার চোখ অবশ্যই জাতীয় দলের দিকে থাকবে। আর সেই লক্ষ্যেই ঘরোয়া লিগে ভালো খেলার চেষ্টা করছি। এবার না হলে পরেরবার হবে, পরেরবার না হলে তার পরেরবার হবে। হাল কখনও ছাড়ব না ইনশাআল্লাহ, যতদিন পর্যন্ত আমার ক্রিকেট ক্যারিয়ার আছে।”

এদিকে আবাহনীর অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকতও ঘরোয়া লিগে দারুণ ছন্দে আছেন। সতীর্থ ও প্রতিদ্বন্দ্বী মোসাদ্দেকের ভূয়সী প্রশংসা করে সাব্বির বলেন, “মোসাদ্দেক তো প্রায় ১৪ বছর ধরে ঘরোয়া ক্রিকেট খেলছে। আবাহনী ক্লাব ও এর পরিবেশ সম্পর্কে সবকিছু ওর একদম মুখস্থ। যেখানে আবাহনীতে এটা আমার মাত্র দ্বিতীয় বছর। টিম লিডার বা অধিনায়ক হিসেবে ও খুবই ভালো। ও মাঠে সবাইকে নিজের মতো খেলার স্বাধীনতা দেয়, যার কারণে যে যার মতো সেরাটা দিতে পারে। সে নিজেও খুব ভালো ফর্মে আছে এবং মিডল অর্ডারে দলকে দারুণ সাপোর্ট দিচ্ছে।”

এ সময় নিজের বর্তমান ফর্ম ও প্রস্তুতি নিয়ে কথা বলতে গিয়ে সাব্বির জানান, তিনি আসলে সবসময়ই ক্রিকেট ট্র্যাকে ছিলেন। মাঝেমধ্যে পারফরম্যান্সের গ্রাফ কিছুটা ওঠানামা করলেও এখন সব আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে। প্রিমিয়ার লিগে যে কয়টা ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন, প্রতিটিতেই ভালো করার চেষ্টা করছেন এবং তাঁর প্রস্তুতিও বেশ সন্তোষজনক।

জাতীয় দলের অনেক ক্রিকেটার যেখানে হোম অব ক্রিকেট মিরপুরে নিয়মিত অনুশীলন করেন, সেখানে সাব্বিরকে মিরপুরে কেন প্র্যাকটিস করতে দেখা যায় না—এর একটি যৌক্তিক ব্যাখ্যা দিয়েছেন রাজশাহীর এই চতুর ক্রিকেটার। তিনি বলেন, “আমি রাজশাহীর ছেলে, তাই নিজের এলাকা রাজশাহীতেই বেশি প্র্যাকটিস করি। ওখানে খোলা মাঠে স্বাধীনভাবে বড় সময় নিয়ে প্র্যাকটিস করার দারুণ সুযোগ থাকে। কিন্তু মিরপুরে অনুশীলন করতে গেলে অনেক মানুষের গেদারিং (জটলা) হয়ে যায়, যার কারণে সেভাবে মনমতো প্র্যাকটিসের সুযোগ পাওয়া যায় না এবং সময়ও খুব কম থাকে। রাজশাহীতে মন ভরে নিজের মতো সময় নিয়ে প্র্যাকটিস করতে পারি বলেই ফলাফল এখন আস্তে আস্তে মাঠে আসছে। সামনে আরও ভালো খেলার চেষ্টা করব।”

জান্নাত সকালাবেলা