বিদায়ী ম্যাচের আগে মেসির আবেগঘন বার্তা
ক্রীড়া ডেস্ক: সময় যত গড়াচ্ছে, ততই ক্ষণগণনা শেষ হয়ে আসছে এক রূপকথাতুল্য অধ্যায়ের। সেটি হয়তো বুঝতে পারছেন স্বয়ং লিওনেল মেসি নিজেও।
আন্তর্জাতিক ফুটবলের মঞ্চে বিশ্বজয়ী এই মহাতারকার ক্যারিয়ারের শেষ বাঁশি বাজার মুহূর্তটি এখন কেবল সময়ের ব্যাপার। খেলার মাঠে প্রতিপক্ষের রক্ষণভাগ চূর্ণ করে ম্যাচের মোড় ঘুড়িয়ে দেওয়া যে কিংবদন্তির কাছে জলভাত, বিদায়ের প্রান্তে এসে শেষ মুহূর্তগুলোর তীব্র আবেগ তাঁকেও যেন গভীরভাবে আচ্ছন্ন করে ফেলছে।
আর্জেন্টিনার জাতীয় দলের জার্সিতে মাঠে নামার ক্যারিয়ারের শেষ ম্যাচটির জন্য প্রস্তুত আটবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবল জাদুকর। বুয়েনস আইরেসের ঐতিহাসিক মনুমেন্তাল স্টেডিয়ামে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামার ২৪ ঘণ্টারও কম সময় বাকি থাকতে নিজের অনুভূতি ধরে রাখতে পারলেন না মেসি।
বিদায়ী লড়াইয়ে মাঠে নামার আগে জাতীয় দলের অফিসিয়াল ইজেইহা ট্রেনিং ক্যাম্পে শেষবারের মতো সতীর্থদের সঙ্গে মনখোলা অনুশীলনে ঘাম ঝরিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক। আর সেই অবিস্মরণীয় অনুশীলনের কয়েকটি বিশেষ মুহূর্তের ছবি নিজের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করে ফুটবলপ্রেমীদের মন ছুঁয়ে গেছেন তিনি।
অনুশীলনের ছবিগুলোর ক্যাপশনে স্মৃতিকাতর মেসি সংক্ষেপে লিখেছেন, “স্পেশাল কিছু মুহূর্ত, জানি এগুলো খুব মিস করব।”
বিশ্ব ফুটবলের বরপুত্রকে তাঁর প্রিয় চেনা মঞ্চ থেকে রাজকীয় বিদায় জানাতে ইতিমধ্যেই সম্পূর্ণ প্রস্তুত বুয়েনস আইরেসের ঐতিহাসিক 'এস্তাদিও মনুমেন্তাল'। বেনিনের বিপক্ষে আকাশি-সাদা জার্সিতে নামার মাধ্যমে যে ইতিহাস রচিত হতে যাচ্ছে, তার আগেই সতীর্থদের সঙ্গে কাটানো প্রতিটি সেকেন্ডকে হৃদয়ে আগলে রাখছেন সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার।