ফেনীতে যুবলীগ নেতার গলাকাটা লাশ উদ্ধার

প্রকাশ: শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:৪০ অপরাহ্ণ
ফেনীতে যুবলীগ নেতার গলাকাটা লাশ উদ্ধার

এম. জহিরুল হক মিলন, ফেনী: ফেনীর ছাগলনাইয়া উপজেলায় জোবায়ের হোসেন পারভেজ নামে এক যুবলীগ নেতার গলা ও হাত বিচ্ছিন্ন হাতকাটা রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ শনিবার (২৭ জুন) সকালে উপজেলার ঘোপাল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নুর আহাম্মদ মাস্টারবাড়ি এলাকায় নিজ বাড়ির সামনে থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

নিহত জোবায়ের হোসেন পারভেজ ওই এলাকার আবু তাহেরের ছেলে।

নিহতের বাবা আবু তাহের জানান, গতকাল শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে তিনি ছেলেকে শেষবারের মতো বাড়িতে দেখেছিলেন। এরপর আজ সকালে বাড়ির সামনে তাঁর বীভৎস মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পরিবার ও পুলিশকে খবর দেয়।

নিহতের ভাইয়ের অভিযোগ, একই গ্রামের সাদেক মিয়ার ছেলে শাহাদাত হোসেন এবং মামুনুর রশিদ মামুনের সঙ্গে দীর্ঘদিন ধরে পারভেজের দোকানসংক্রান্ত বিরোধ চলছিল। এই শত্রুতার জেরে সম্প্রতি তাঁদের মধ্যে ঝগড়া ও হাতাহাতির ঘটনাও ঘটে। ওই রেষারেষির জের ধরেই পারভেজকে সুপরিকল্পিতভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে বলে দাবি তাঁদের।

খবর পেয়ে ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দ্রুত পুলিশ ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।

ছাগলনাইয়া থানা পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং নিহতের স্বজনদের করা অভিযোগের সত্যতা যাচাইয়ে ইতিমধ্যেই মাঠে নেমেছে পুলিশ। এই বর্বরোচিত ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান শুরু হয়েছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং এই ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন