পিতার ২০ বছর পর পুত্রকেও হত্যা
উপজেলা প্রতিনিধি, চৌদ্দগ্রাম (কুমিল্লা): কুমিল্লার চৌদ্দগ্রামে মোটরসাইকেলের ধাক্কা লাগার জেরে মাদক কারবারি ও কিশোর গ্যাংয়ের সদস্যদের বর্বরোচিত ছুরিকাঘাতে রাফসান হোসেন হৃদয় (২৪) নামের এক সিএনজি অটোরিকশাচালক নির্মমভাবে খুন হয়েছেন।
গতকাল বুধবার (১০ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চিওড়া ইউনিয়নের ধোড়করা বাজার এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
ভাগ্যের নির্মম পরিহাস, দীর্ঘ ২০ বছর আগে হৃদয়ের পিতাকেও একইভাবে দুর্বৃত্তরা ড্রিল মেশিন ও ছুরি দিয়ে কুচিয়ে হত্যা করেছিল।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত ৮টার দিকে ধোড়করা বাজারের পূর্বপাশে একটি দোকান থেকে জ্বালানি তেল নিতে যান শাকতলা গ্রামের আসিফ ও বাদশা। ওই সময় চিওড়া ইউনিয়নের ঘোষতল এলাকার প্রান্ত নামের এক যুবকের মোটরসাইকেলের সাথে আসিফদের মোটরসাইকেলের আকস্মিক ধাক্কা লাগে। এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে তীব্র কথা কাটাকাটি হয়।
এর একপর্যায়ে ঘোষতল গ্রামের প্রান্ত মোবাইল ফোনের মাধ্যমে খবর দিলে তিনটি মোটরসাইকেলযোগে রাজিব ও রিফাতসহ ও এলাকার আরও ৪-৫ জন কিশোর গ্যাং সদস্য দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ধোড়করা বাজারে এসে অবস্থান নেন। তারা বাজারে শাকতলা গ্রামের কয়েকজন যুবককে পেয়ে একটি গ্যারেজের সামনে এলোপাতাড়ি মারধর শুরু করে। ওই সময় গ্যারেজের পাশে দাঁড়িয়ে থাকা নিরীহ সিএনজি চালক রাফসান হোসেন হৃদয়কে লক্ষ্য করে রাজিব নামের এক মাদক কারবারি ধারালো ছুরি দিয়ে বুকের ডানপাশে সজোরে আঘাত করে।
গুরুতর রক্তাক্ত অবস্থায় হৃদয়কে উদ্ধার করে প্রথমে ধোড়করা বাজারের একটি স্থানীয় ক্লিনিকে এবং পরবর্তীতে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। স্থানীয় অনেকের দাবি, মোটরসাইকেলের ধাক্কা লাগার বিষয়টি একটি উসিলা মাত্র; মূলত এলাকায় মাদক ব্যবসার বিরোধিতা করার জের ধরেই পরিকল্পিতভাবে হৃদয়কে খুন করেছে এই মাদক চক্র।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আকিব মাহমুদ মাহি জানান, রাত সাড়ে ৯টার দিকে হৃদয়কে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছিল। তবে বুকের ডানপাশের গভীর ক্ষত দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ার কারণে হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়।
নিহতের বড় ভাই ফারুক হোসেন কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার ভাই সিএনজি চালিয়ে সংসার চালাত। গতকাল ইনকাম কম হওয়ায় সন্ধ্যায় আমার কাছ থেকে চা খাওয়ার টাকা নিয়ে বাজারে গিয়েছিল। ও কোনো দল বা গ্যাংয়ের সাথে ছিল না, অথচ মাদক কারবারিরা ওকে কেড়ে নিল।”
নিহতের পরিবারের সদস্যরা জানান, ২০০৬ সালে ঠিক একইভাবে দুর্বৃত্তরা হৃদয়ের পিতা হেদায়েত উল্লাহ হেদুকে ছুরিকাঘাতে ও ড্রিল মেশিনের আঘাতে নৃশংসভাবে হত্যা করেছিল। পিতার মৃত্যুর ২০ বছর পর আজ যুবতী বয়সে ছেলেও একই নির্মমতার শিকার হলো। তারা খুনিদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবি জানিয়েছেন।
হত্যাকাণ্ডের তথ্যটি নিশ্চিত করে চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোছাইন বলেন, “ঠিক কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনো পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িত এবং এজাহারনামীয় অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম মাঠে বিশেষ অভিযান চালাচ্ছে। তারা মাদক কারবারি বা কোনো কিশোর গ্যাংয়ের সাথে জড়িত কি না, সেটিও গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।”
এআইএল/সকালবেলা