ভাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
আহমেদ লিওন, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিয়াস মাতুব্বর (২২) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ সোমবার (৮ জুন) সকালের দিকে উপজেলার ২ নম্বর ওয়ার্ডের ভারইডাঙ্গা গ্রামে এই বেদনাদায়ক দুর্ঘটনাটি ঘটে। নিহত পিয়াস মাতুব্বর ওই গ্রামের জাহাঙ্গীর মাতুব্বরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পিয়াস নিজেদের একটি নতুন নির্মাণাধীন ভবনের ভেতরে পানির পাইপ দিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছিলেন। এ সময় ভবনের ভেতরে থাকা একটি সচল বৈদ্যুতিক তারের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে তিনি নিজেই টেপ দিয়ে সেটি জোড়া লাগানোর চেষ্টা করেন। কোনো রকম নিরাপত্তা ব্যবস্থা না নিয়ে মেইন সুইচ বন্ধ না করেই তারটি স্পর্শ করায় তিনি হঠাৎ তীব্রভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।
পরে ঘরের ভেতরে থাকা পরিবারের সদস্য ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করার চেষ্টা করলেও ততক্ষণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
পিয়াসের এমন আকস্মিক ও অকাল মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। একমাত্র সন্তানকে হারিয়ে মা ও বাবার কান্নায় ভারী হয়ে উঠেছে চারপাশের পরিবেশ।
স্থানীয় সচেতন মহল এ ঘটনাকে অত্যন্ত হৃদয়বিদারক উল্লেখ করে বৈদ্যুতিক কাজের ক্ষেত্রে সর্বসাধারণকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন। তাঁদের মতে, সামান্য অসাবধানতা বা অবহেলাও যেকোনো মুহূর্তেই প্রাণঘাতী দুর্ঘটনার কারণ হতে পারে। তাই বিদ্যুৎ সংক্রান্ত যেকোনো ছোট-বড় কাজের সময় মেইন সুইচ বন্ধ রাখা এবং টেকনিশিয়ানদের সাহায্যসহ প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছেন তাঁরা।
এআইএল/সকালবেলা