মাগুরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু

প্রকাশ: শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ণ
মাগুরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু

এম এ রইচ, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি: মাগুরার মহম্মদপুরে সেচ পাম্পের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহিন মিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার বড়রিয়া গ্রামের কানাবিল মাঠ থেকে তাঁর লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত শাহিন মিয়া উপজেলার পলাশবাড়ীয়া গ্রামের নিজাম মোল্যার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কানাবিল মাঠে একটি সেচ পাম্পের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির উদ্দেশ্যে শুক্রবার রাতে শাহিন বৈদ্যুতিক খুঁটিতে ওঠেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ট্রান্সফরমারটি খোলার চেষ্টার একপর্যায়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খুঁটি থেকে নিচে ধানক্ষেতে পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

শনিবার সকালে স্থানীয় কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে ধানক্ষেতে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে মহম্মদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

মহম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রান্সফরমার চুরির উদ্দেশেই ওই ব্যক্তি বৈদ্যুতিক খুঁটিতে উঠেছিলেন। লাশের পাশ থেকে ট্রান্সফরমার খোলার কিছু যন্ত্রাংশও উদ্ধার করা হয়েছে।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম শামীম আহমেদ বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনাটির সঙ্গে অন্য কেউ জড়িত ছিল কি না, তা খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন