কালীগঞ্জে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
মহিউদ্দিন আহমেদ, বিশেষ প্রতিবেদক: গাজীপুরের কালীগঞ্জে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে একটি সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৯ জুন) সকাল থেকে দিনব্যাপী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়।
বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের আওতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রকল্পটি স্থানীয় সরকার বিভাগের অধীনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং কালীগঞ্জ উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় বাস্তবায়িত হচ্ছে। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.টি.এম. কামরুল ইসলাম।
গ্রাম আদালত কালীগঞ্জ উপজেলা শাখার সমন্বয়কারী রুবি আক্তারের সঞ্চালনায় কর্মশালায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, উন্নয়নকর্মী এবং বেসরকারি সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
কর্মশালায় বক্তারা বলেন, গ্রাম আদালত স্থানীয় পর্যায়ে ছোটখাটো দেওয়ানি ও ফৌজদারি বিরোধ দ্রুত, সহজ এবং স্বল্প ব্যয়ে নিষ্পত্তির একটি অত্যন্ত কার্যকর আইনি ব্যবস্থা। সাধারণ মানুষের মধ্যে এই আদালতের আইনি প্রক্রিয়া সম্পর্কে সচেতনতা বাড়ানো গেলে উচ্চ আদালতসমূহের ওপর মামলার জট ও চাপ কমবে। একই সাথে গ্রামীণ পর্যায়ে দরিদ্র ও প্রান্তিক মানুষের অধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করা সহজ হবে।
বক্তারা আরও বলেন, “অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রত্যন্ত অঞ্চলের জনগণকে আরও বেশি উদ্বুদ্ধ করতে হবে। এজন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও গণমাধ্যমের সমন্বিত প্রচারণামূলক উদ্যোগ প্রয়োজন। কর্মশালা শেষে অংশগ্রহণকারীরা গ্রাম আদালতের কার্যকারিতা বৃদ্ধি এবং জনসচেতনতা সম্প্রসারণে বিভিন্ন গুরুত্বপূর্ণ সুপারিশমালা তুলে ধরেন।
এআইএল/সকালবেলা