সিরাজদিখানে মাইক্রোবাস খাদে পড়ে নারী নিহত
আসিফ বাঁধন, সিরাজদিখান প্রতিনিধিঃ মুন্সিগঞ্জের সিরাজদিখানে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী মাইক্রোবাস সড়কের পাশের খাদে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মাইক্রোবাসে থাকা আরও ১০ যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৬ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সিরাজদিখান-মুন্সিগঞ্জ সড়কের কুসুমপুর বৌবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নারীর নাম মমতাজ বেগম। তিনি দুবাইপ্রবাসী মোহাম্মদ লিটনের স্ত্রী বলে জানা গেছে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মুন্সিগঞ্জের বজ্রযোগিনী এলাকা থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাচ্ছিল মাইক্রোবাসটি। পথে কুসুমপুর বৌবাজার এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়কের পাশের খাদে পড়ে যায়।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার কাজে এগিয়ে আসেন। তাঁরা মাইক্রোবাসে থাকা ১০ যাত্রীকে জীবিত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন। তবে মমতাজ বেগম নিখোঁজ ছিলেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। একপর্যায়ে পানির নিচ থেকে নিখোঁজ মমতাজ বেগমের মরদেহ উদ্ধার করা হয়।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। মাইক্রোবাসে থাকা ১১ যাত্রীর মধ্যে ১০ জনকে জীবিত উদ্ধার করে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। একজন নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
এআইএল/সকালবেলা
|