কক্সবাজারে ৯ হাজার পিস ইয়াবাসহ নারী আটক
ইমতিয়াজ মাহমুদ ইমন, কক্সবাজার: কক্সবাজার বিমানবন্দরে যাত্রীবেশে ইয়াবা পাচারের সময় ৯ হাজার ৮২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারী বিমান যাত্রীকে হাতেনাতে আটক করা হয়েছে।
আজ রবিবার (২১ জুন) সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকাগামী নভোএয়ারের ফ্লাইটের লাগেজ তল্লাশিকালে তাঁকে আটক করা হয়।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, নভোএয়ারের ঢাকাগামী ফ্লাইট (VQ-922)-এর এক নারী যাত্রী বোর্ডিং পাস সংগ্রহের পর তাঁর হোল্ড লাগেজ স্ক্যানিংয়ের জন্য দেওয়া হয়। এ সময় লাগেজটি সন্দেহভাজন হিসেবে শনাক্ত করেন নিরাপত্তা কর্মীরা। স্ক্যানিং চলাকালে সিভিল এভিয়েশনের নিরাপত্তা কর্মী রাকেশ ঘোষ ওই যাত্রীর ল্যাপটপ ব্যাগের দুই পাশের শকপ্রুফ ফোমের ভেতরে বিশেষ কৌশলে সেলাই করে লুকিয়ে রাখা ইয়াবার সন্ধান পান। পরবর্তীতে ব্যাগটি কেটে সুনির্দিষ্টভাবে ৯ হাজার ৮২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং ঘটনাস্থলেই ওই নারী যাত্রীকে আটক করা হয়।
আটক নারী যাত্রীর নাম জেসমিন আক্তার। তিনি চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট এলাকার চাঁদপুর শ্বেতছড়া গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত হারুন মিয়া এবং মায়ের নাম মৃত শাহেনা আক্তার।
সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকৃত বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ আটক জেসমিন আক্তারকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বিমানবন্দর ব্যবহার করে অভিনব কায়দায় মাদক পাচারের এই ঘটনার নেপথ্যে আর কে কে জড়িত রয়েছে, তা খতিয়ে দেখতে পুলিশ প্রয়োজনীয় তদন্ত শুরু করেছে।
এআইএল/সকালবেলা
|