ভিডিওতে ব্যস্ত জনতা: শ্রমিকের করুণ মৃত্যু

ভিডিওতে ব্যস্ত জনতা: শ্রমিকের করুণ মৃত্যু

মোঃ বাপ্পি শেখ, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ শহরের পোস্ট অফিস মোড়ে ভবন রঙ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তোয়েব আলী বিশ্বাস (৪০) নামে এক রংমিস্ত্রির করুণ মৃত্যু হয়েছে। 

রোববার (১৯ এপ্রিল) সকালে শহরের আক্তার ফার্মেসির চারতলা ভবনে কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে।

নিহত তোয়েব আলী ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের হরিপুর গ্রামের মৃত মতিয়ার বিশ্বাসের ছেলে। তিনি দুই সন্তানের জনক ছিলেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে তোয়েব আলী ওই চারতলা ভবনের বাইরের দিকে রঙ করার কাজ করছিলেন। ভবনটির ঠিক পাশ দিয়ে অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে ৩৩ হাজার ভোল্টের একটি উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লাইন চলে গেছে। কাজ করার সময় অসাবধানতাবশত ওই তারে তোয়েব আলীর শরীরের স্পর্শ লাগলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং মুহূর্তেই চারতলা থেকে নিচে লুটিয়ে পড়েন।

ঘটনার সময় উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান এক হৃদয়বিদারক দৃশ্যের কথা। তোয়েব আলী যখন ওপর থেকে নিচে পড়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ছটফট করছিলেন, তখন উপস্থিত জনতার অনেকেই তাঁকে উদ্ধারের পরিবর্তে মোবাইল ফোনে ভিডিও ধারণে ব্যস্ত হয়ে পড়েন। সাধারণ মানুষের এমন অমানবিক আচরণে স্থানীয় সচেতন মহলে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

শহরের ব্যস্ততম এলাকায় ভবনের এত কাছে এমন উচ্চ ভোল্টেজের তার থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। নিরাপত্তা ব্যবস্থার তোয়াক্কা না করে এমন ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করা এবং বিদ্যুৎ বিভাগের উদাসীনতাকে দায়ী করছেন তাঁরা।

তোয়েব আলীর আকস্মিক মৃত্যুতে তাঁর ছোট দুই সন্তান ও পরিবারের ওপর নেমে এসেছে অন্ধকার। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন