সড়ক দুর্ঘটনার কবলে এনসিপির এমপি আতিক মুজাহিদ

সড়ক দুর্ঘটনার কবলে এনসিপির এমপি আতিক মুজাহিদ

কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদের গাড়ি ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে। 

মঙ্গলবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা থেকে কুড়িগ্রাম যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, বিপরীতমুখী একটি বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় সংসদ সদস্যকে বহনকারী গাড়িটি দুমড়েমুচড়ে যায়।

দুর্ঘটনার পর প্রাথমিকভাবে জানা গেছে, ড. আতিক মুজাহিদ শরীরে সামান্য আঘাত পেলেও বর্তমানে তিনি আশঙ্কামুক্ত ও নিরাপদ আছেন। তবে তাঁর সাথে থাকা সহকারীরা গুরুতর আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে দ্রুত নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বর্তমানে তাঁরা চিকিৎসাধীন রয়েছেন। ড. আতিক মুজাহিদ জাতীয় নাগরিক পার্টির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

এনসিপির দলীয় সূত্র নিশ্চিত করেছে যে, সংসদ সদস্য আতিক মুজাহিদ বর্তমানে কিছুটা সুস্থবোধ করছেন। বেপরোয়া গতির ট্রাকটির চালককে শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানা গেছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার পথেই এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার শিকার হন তিনি। এই ঘটনায় তাঁর নির্বাচনী এলাকা কুড়িগ্রামে উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন