সোনারগাঁও জাদুঘর ও পানাম নগর পরিদর্শন মার্কিন রাষ্ট্রদূতের
মো. মুক্তার হোসেন (সোনারগাঁও, নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবস্থিত ঐতিহাসিক পানাম নগর ও বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (জাদুঘর) পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনশন। পরিদর্শনকালে তিনি ফাউন্ডেশনের কারুপল্লিতে জামদানি শিল্পীদের হাতে বোনা শাড়ির চমৎকার কারুকাজ ঘুরে দেখেন।
সোমবার (১৯ অক্টোবর) সকালে প্রতিনিধিদল নিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের ঐতিহাসিক পানাম নগরীতে পৌঁছান মার্কিন রাষ্ট্রদূত। পরবর্তীতে তিনি বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে প্রবেশ করে বিভিন্ন প্রদর্শনী কক্ষ ও কারুপল্লির শিল্পকর্ম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে মার্কিন রাষ্ট্রদূতের প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন রাজনৈতিক কর্মকর্তা অ্যালিস কেনেডি, দূতাবাসের মুখপাত্র পূর্ণিমা রায়, নিরাপত্তা কর্মকর্তা অ্যারিক ওয়েলস, ফরেন সার্ভিস ন্যাশনাল ইনভেস্টিগেটর শেখ শিবলী ও ব্যক্তিগত দেহরক্ষী দেলোয়ার হোসাইন।
এ সময় তাঁদের স্বাগত জানান ও সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম, পানাম নগরীর সহকারী কাস্টোডিয়ান তানজিলুর রহমান, সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিকসহ ফাউন্ডেশন ও পানাম নগরীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এআইএল/সকালবেলা