ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব হস্তান্তর নিয়ে সংঘর্ষ, ওসিসহ আহত অর্ধশতাধিক

প্রকাশ: সোমবার, ০৮ জুন ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ণ
ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব হস্তান্তর নিয়ে সংঘর্ষ, ওসিসহ আহত অর্ধশতাধিক

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের বানিয়াচংয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব হস্তান্তরকে কেন্দ্র করে বর্তমান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে থানার ওসিসহ অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।

সোমবার দুপুর ১২টা থেকে বেলা সোয়া ২টা পর্যন্ত উপজেলার বড়ইউড়ি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ উদ্দিন জামিনে মুক্ত হয়ে আদালতের রিটের মাধ্যমে দায়িত্ব ফের পান। এরপর তিনি চেয়ারম্যানের দায়িত্ব নিতে ইউপি কার্যালয়ে গেলে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়।

এক পর্যায়ে দুই পক্ষের সমর্থকেরা দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান নেয় এবং সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষ নিয়ন্ত্রণে তিন রাউন্ড টিয়ারশেল ও চার রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়।

পুলিশ সদস্যসহ আহতদের বানিয়াচং ও হবিগঞ্জের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।