ভৈরব নদ থেকে যুবকের লাশ উদ্ধার
যশোর প্রতিনিধি: যশোরের অভয়নগরে ভৈরব নদ থেকে আনুমানিক ৩৫-৪০ বছর বয়সী এক অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
আজ শুক্রবার (২৪ জুলাই ২০২৬) দুপুরে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের দেয়াপাড়া গ্রাম সংলগ্ন পূর্বাঞ্চল খেয়াঘাট এলাকা থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ভৈরব নদের জোয়ারের পানিতে ভেসে আসা কচুরিপানার মধ্যে এক ব্যক্তির লাশ আটকে থাকতে দেখেন স্থানীয়রা। পরবর্তীতে বিষয়টি নওয়াপাড়া নৌ-পুলিশ ফাঁড়িতে জানানো হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নওয়াপাড়া নৌ-পুলিশের ইনচার্জ এসআই রনজিৎ সেন জানান, খবর পেয়ে ভৈরব নদের পূর্বাঞ্চল খেয়াঘাট এলাকা থেকে অজ্ঞাত ওই যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জোয়ারের স্রোতে অন্য কোনো স্থান থেকে লাশটি ভেসে এসেছে।
তিনি আরও বলেন, "লাশটি দীর্ঘদিন পানিতে নিমজ্জিত থাকায় পচন ধরে বিকৃত হয়ে গেছে, ফলে তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। আমরা নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিতের জন্য প্রয়োজনীয় পিবিআই তদন্তসহ আইনগত পদক্ষেপ গ্রহণ করছি।"
এআইএল/সকালবেলা
|