শ্রীপুরে আ. লীগ নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

প্রকাশ: শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ণ
শ্রীপুরে আ. লীগ নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মহিউদ্দিন আহমেদ, বিশেষ প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুরে মারতা এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলা, ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন প্রহেলাদপুর ইউনিয়ন শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মো. হালিম মিয়া। 

শনিবার (১৬ মে) বিকেলে প্রহলাদপুর ইউনিয়ন শ্রমিক দলের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যের মাধ্যমে তাঁর অভিযোগ তুলে ধরেন।

লিখিত বক্তব্যে শ্রমিক দলের নেতা হালিম মিয়া অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধের জেরে শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক জাকির হোসেন, খন্দকার আক্তার হোসেন এবং খন্দকার মনির হোসেন তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের বিভিন্নভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন। তিনি দাবি করেন, খন্দকার জাকির হোসেন নিহত ছাত্রদল নেতা ফারুক মাহমুদ হত্যা মামলার ১ নম্বর আসামি এবং খন্দকার মনির হোসেন তাঁরই চাচাতো ভাই আক্তার হোসেন হত্যা মামলার আসামি। জাকির হোসেন এলাকায় জমি দখল ও প্রভাব বিস্তারের সঙ্গে জড়িত বলেও তিনি অভিযোগ করেন।

হালিম মিয়া আরও অভিযোগ করেন, সম্প্রতি উক্ত অভিযুক্তদের নেতৃত্বে মারতা বাজার এলাকায় দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তাঁর ওপর হামলার চেষ্টা চালানো হয়েছে। বিষয়টি একাধিকবার স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করা হলেও অভিযুক্তরা কোনো সমাধানে না গিয়ে উল্টো চাপ সৃষ্টি ও প্রাণনাশের হুমকি দিচ্ছেন। এ বিষয়ে বিজ্ঞ আদালতে একটি মামলা চলমান রয়েছে বলেও তিনি জানান। এর ফলে তিনি এবং তাঁর পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।

এমতাবস্থায় ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন ভুক্তভোগী এই শ্রমিক দল নেতা। সংবাদ সম্মেলনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, গণমাধ্যমকর্মী ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন