রাতভর খোঁজাখুঁজি, সকালে লেকে ভেসে উঠল দুই কিশোরের মরদেহ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে দুই কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ মে) ভোরে লেকের পানিতে তাদের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। মৃত দুই কিশোর হলো—মনিরুল (১৫) ও শুভ (১৫)। তারা স্থানীয় গুদনাইলা বাগপাড়া আলিম মাদরাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার দুপুরে মাদরাসার পরীক্ষা শেষে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে যায় মনিরুল ও শুভ। খেলা শেষে পাঁচ বন্ধু মিলে বার্মাস্ট্যান্ড নয়াপাড়া এলাকার ডিএনডি লেকে গোসল করতে নামে। কিছুক্ষণ পর তিন বন্ধু বাড়িতে ফিরে এলেও মনিরুল ও শুভ আর ফিরে আসেনি।
বিকেল গড়িয়ে রাত হলেও তারা বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। মঙ্গলবার ভোর ৬টার দিকে লেকের ১ নম্বর সেতুর পাশে দুই কিশোরের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
সিদ্ধিরগঞ্জ থানার এসআই মো. মাসুম বিল্লাহ জানান, মরদেহ দুটির সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
দুই মেধাবী শিক্ষার্থীর এমন অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জান্নাত/সকালবেলা
|