ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত

ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত

নূর আহাম্মদ পলাশ: কিশোরগঞ্জ সদর উপজেলায় পারিবারিক সম্পত্তির জেরে ভাতিজার ছুরিকাঘাতে শামীম (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। 

সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টার দিকে হারুয়া কলেজ রোড এলাকায় নিজ বাসায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত শামীম ওই এলাকার মৃত গিয়াসউদ্দিনের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, সকালে শামীমের ভাতিজা লিংকন হঠাৎ বাসায় প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে শামীমকে এলোপাতাড়ি আঘাত করে দ্রুত পালিয়ে যায়। শামীম ও তাঁর মায়ের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাঁকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, নিহতের পেটে ও পিঠে ধারালো অস্ত্রের ৪-৫টি গভীর আঘাতের চিহ্ন ছিল। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

নিহতের মা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে দোকান ও বসতভিটার সম্পত্তি নিয়ে শামীমের সাথে তাঁর বড় ভাইয়ের ছেলে লিংকনের বিরোধ চলছিল। লিংকন জোরপূর্বক সম্পত্তি দখলের চেষ্টা করে আসছিল এবং এই শত্রুতার জের ধরেই পরিকল্পিতভাবে তাঁর ছেলেকে হত্যা করেছে।

এ ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত লিংকনকে গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে এবং থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন