কিশোরগঞ্জে সাপের কামড়ে ২ জনের মৃত্যু

প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ০৭:০৭ অপরাহ্ণ
কিশোরগঞ্জে সাপের কামড়ে ২ জনের মৃত্যু

বিশেষ প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় পৃথক স্থানে বিষধর সাপের কামড়ে শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে উপজেলার বাহাগিলী ও বড়ভিটা ইউনিয়নে পৃথক এ দুটি দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— বাহাগিলী ইউনিয়নের নয়ানখাল বৈদ্যপাড়া গ্রামের আব্দুর রহিমের ১০ বছর বয়সী মেয়ে লুনা আক্তার এবং বড়ভিটা ইউনিয়নের জুরাবান্ধা মালিপাড়া গ্রামের বিপুল রায়ের ছেলে বিজয় রায় (২০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৭ আগস্ট রাতে এক মনসা দেবী পূজা অনুষ্ঠান উপলক্ষে সাপ দিয়ে খেলা দেখানোর সময় বিষধর সাপ বিজয় রায়ের হাতে কামড় দেয়। পরে বিজয়ের শরীরে তীব্র যন্ত্রণা শুরু হলে স্বজনরা তাঁকে উদ্ধার করে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় রংপুরে স্থানান্তরিত করা হলে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তাঁর মৃত্যু হয়।

অন্যদিকে, বৃহস্পতিবার রাতে খাওয়া শেষে বাবা-মায়ের সঙ্গে ঘুমিয়ে পড়েছিল শিশু লুনা। মধ্যরাতে বিষধর সাপ তাঁর ডান হাতে কামড় দিলে সে ব্যথায় চিৎকার করে ওঠে। অবস্থার অবনতি হলে স্বজনরা দ্রুত তাঁকে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর গফুর জানান, পৃথক দুটি ঘটনার বিষয়ে পুলিশ অবগত রয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন