নালা দখল করে ভবন নির্মাণ, অভিযানে ময়মনসিংহ সিটি করপোরেশন

প্রকাশ: সোমবার, ১১ মে ২০২৬, ০১:৫৩ অপরাহ্ণ
নালা দখল করে ভবন নির্মাণ, অভিযানে ময়মনসিংহ সিটি করপোরেশন

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহ নগরে নালার (ড্রেন) জায়গা না ছেড়ে বহুতল ভবন নির্মাণ করায় পানি নিষ্কাশনে বাধা সৃষ্টি হওয়ার অভিযোগে অভিযান চালিয়েছে সিটি করপোরেশন। 

সোমবার (১১ মে) সকাল ১০টার দিকে নগরের নতুন বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

সিটি প্রশাসনের কঠোর অবস্থানের মুখে ভবন মালিকরা তাঁদের ভুল স্বীকার করেছেন এবং নিজ খরচে ড্রেন পুনর্নির্মাণের আশ্বাস দিয়েছেন। মূলত অনুমোদিত নকশা লঙ্ঘন করে স্থাপনা নির্মাণ করায় সম্প্রতি সিটি করপোরেশন থেকে সংশ্লিষ্টদের নোটিশ দেওয়া শুরু হয়।

অভিযানকালে দেখা যায়, নতুন বাজার এলাকায় ইউনাইটেড বিল্ডার্স ও মিষ্টিকানন ভবন দুটি নালার জায়গা না ছেড়েই নির্মাণ করা হয়েছে। এর ফলে ওই এলাকার ড্রেনেজ ব্যবস্থা প্রায় বন্ধ হয়ে গেছে। এ ছাড়া গার্ডেন সিটি ভবনের বেইজমেন্ট পার্কিংয়ের জায়গা অবৈধভাবে মার্কেট হিসেবে ভাড়া দেওয়ার প্রমাণ পাওয়া গেছে। পার্কিংয়ের জায়গায় দোকান হওয়ায় প্রধান সড়কে যানবাহন দাঁড়িয়ে থাকছে, যা তীব্র যানজটের সৃষ্টি করছে।

সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। তিনি বলেন, “শহরে নতুন নতুন ভবনের কারণে ড্রেনেজ ব্যবস্থা প্রায় অকার্যকর হয়ে পড়েছে। জলাবদ্ধতা দূর করতে আমরা ড্রেনগুলো পুনরায় সচল করার উদ্যোগ নিয়েছি। এখানে বহুতল ভবনের কারণে ড্রেন বন্ধ হয়ে গিয়েছিল। ভবন মালিকরা নিজ খরচে তা পুনরায় চালু করে দেওয়ার অঙ্গীকার করেছেন।”

সিটি করপোরেশনের পক্ষ থেকে ইতোমধ্যে গার্ডেন সিটি এবং ইউনাইটেড বিল্ডার্সের সামনে নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে। নোটিশে অবৈধ নির্মাণ অপসারণ এবং পার্কিং স্থানে বাণিজ্যিক কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। যানজট নিরসন ও জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সিটি প্রশাসন।